দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রযুক্তি উদ্ভাবনে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক-অ্যা-থনে যন্ত্রপাতি তৈরির প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা
মেক-অ্যা-থনে যন্ত্রপাতি তৈরির প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা

‘মেক-অ্যা-থন’ নামের যন্ত্রপাতি উদ্ভাবনের প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রযুক্তি, চিকিৎসাসহায়ক যন্ত্র ও সাইকেল চুরি ঠেকানোর প্রযুক্তি উদ্ভাবন করে পুরস্কার জিতেছেন শিক্ষার্থীরা। বিজয়ী তিনটি দল আগামী বছরের জানুয়ারি মাসে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক মেকারফেস্ট ২০১৫’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এ ছাড়া নগদ অর্থ পুরস্কার পেয়েছেন শিক্ষার্থীরা। 
১৮ নভেম্বর থেকে ধানমন্ডির ইএমকে সেন্টারে শুরু হয় যন্ত্রপাতি তৈরির তিন দিনের আন্তর্জাতিক প্রতিযোগিতা। 
প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে ব্রেইল, দ্বিতীয় স্থান অর্জন করেছে হেলথসিস এবং তৃতীয় হয়েছে সাইকেলসেফটি। ব্রেইল প্রকল্পে কাজ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোনায়েদ, সফিউর ও সামিউল। তাঁদের তৈরি গ্লাভসসদৃশ যন্ত্রটি অন্ধদের জন্য বিশেষ সহায়ক হবে। এই গ্লাভস অন্ধদের পড়তে সাহায্য করবে।
দ্বিতীয় স্থান অর্জন করা ইন্টুগ্রেভিটি দলের সদস্যরা হলেন সাদমান, রাকিবুল, ফারুক ও ইসাত। এই দলটির শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েটের। তাঁদের হেলথসিস প্রকল্পের মাধ্যমে চিকিৎসা যন্ত্রপাতি সুলভে তৈরি করা যাবে। তৃতীয় স্থানে থাকা বুয়েট খ্যাপা দল তৈরি করেছে বাইসাইকেল চুরি প্রতিরোধক যন্ত্র। ব্লুটুথনির্ভর এই যন্ত্র সাইকেলে লাগানো থাকলে সাইকেলে স্পর্শ করলেই মোবাইলে স্বয়ংক্রিয় বার্তা চলে যায়। 

প্রতিযোগীদের হার্ডওয়্যার তৈরির এই প্রতিযোগিতার সহযোগী হিসেবে এগিয়ে এসেছে তথ্য-প্রযুক্তির বিভিন্ন সংগঠন। সফটওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘বেসিস’ ও ‘বেটারস্টরিজ লিমিটেড’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই হ্যাকাথনে ইএমকে সেন্টার, টেকশপ বিডি, আমরা টেকনলজিস, লেটস লার্নকোডিং, ডায়নামিক হাবস, গিকি সোশ্যাল অ্যাডভান্টেজ, হাইফাই পাবলিক, স্টুডিও ওয়াশ এবং দ্য টেকস্কুল আয়োজক সহযোগী ছিল।
মেক-অ্যা-থনের ফাইনালে ১৩টি দল তাদের প্রযুক্তি উপস্থাপন করে। বিচারকের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ও পদার্থ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ও চেয়ারপারসন সিদ্দিক-ই-রব্বানি, বাংলাদেশ অ্যাটমিক কমিশনের প্রধান বৈজ্ঞানিক অফিসার মুবারক আহমেদ খান, সোলারিকের ব্যবস্থাপনা পরিচালক দিদার ইসলাম, নর্থ-সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এম. রোকনুজ্জামান, বেসিসের প্রতিনিধি সামি হাসান এবং এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশরাফ আবির।