দৃষ্টিহীনদের জন্য মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রযুক্তি তৈরি করছে মাইক্রোসফট
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রযুক্তি তৈরি করছে মাইক্রোসফট

দৃষ্টিপ্রতিবন্ধীদের ‘দৃষ্টি ফিরিয়ে’ দিতে কাজ করে যাচ্ছে শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন। ব্যান্ডানার মতো মাথায় পরিধেয় প্রযুক্তি তৈরির চেষ্টা চলছে। এটি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষকে পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে জানতে সাহায্য করবে। এই হেড ব্যান্ড পরে কোনো দৃষ্টিহীন মানুষ তার আগ্রহের কোনো বিষয়ের দিকে মুখ ফেরালে হেড ব্যান্ডের সংযুক্ত হেডফোনে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেবে। গুগলের স্মার্ট গ্লাসও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে পারে, তবে মাইক্রোসফটের এই প্রকল্প বিশেষভাবে দৃষ্টিহীনদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। যুক্তরাজ্যের রিডিং শহরে আটজন দৃষ্টিহীন মানুষকে নিয়ে এই প্রকল্পের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। তবে এই প্রকল্পের বিস্তারিত তথ্য জানা যায়নি।
‘সিটিস আনলকড’ প্রকল্পের অংশ হিসেবে এই ব্যান্ড তৈরি করা হচ্ছে। সিটিস আনলকড মূলত মাইক্রোসফট, দৃষ্টিহীনদের চলাফেরায় সাহায্য করার দাতব্য প্রতিষ্ঠান ‘গাইড ডগস’ এবং সরকারি সাহায্যে পরিচালিত প্রযুক্তিনির্ভর স্মার্ট শহর তৈরির প্রকল্প ‘ফিউচার সিটিস ক্যাটাপুল্ট’-এর যৌথ প্রচেষ্টা।
সিটিস আনলকডের একজন মুখপাত্র জানান, ‘দৃষ্টিপ্রতিবন্ধীরা যেন সমাজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। সে লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।’ প্রকল্পটি সম্পর্কে এই বছরের শেষ নাগাদ বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
—বিবিসি অবলম্বনে মেহেদী হাসান