
‘কোনো ভূমিকা দিতে চাই না। যা বলবার, সরাসরি বলি। এত দিন নীরবে সহ্য করেছি, কেঁদেছি। কিন্তু আর কত, বল? আমি কেমন থাকব, সে তুমি জানতে চেয়ো না। চাইবেও না; জানি। কারণ এতটুকু চিন্তা করার সময় এবং ইচ্ছা, কোনোটিই তোমার হবে না।’ প্রথম আলো ব্লগ এবং সামাজিক সংগঠন এক রঙা এক ঘুড়ির উদ্যোগে আয়োজিত ‘প্রিয় চিঠি’ আয়োজনে বিজয়ী সেরা চিঠির মধ্যে একটি এটি। চিঠি বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে ব্লগারদের সমাবেশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর হেড অব রিপোর্টিং শওকত হোসেন, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান, যুব উন্নয়ন কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান ও উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। প্রথম আলো ব্লগের সঞ্চালক নুরুন্নবী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-ব্লগ সঞ্চালক মেহেদি হাসান, বন্ধুসভা ডট কমের সঞ্চালক ইমরুল কায়েস, ব্লগার রব্বানী চৌধুরী, কামরুন নাহার, শহীদুল ইসলাম, কামাল উদ্দিনসহ বিজয়ী ব্লগাররা। ব্লগার কোহিনূর বলেন, চিঠি দারুণ এক অাবেগ তৈরি করে। ফেসবুক আর ই-মেইলের এ যুগেও চিঠির কদর এখনো আগের মতোই। প্রথম আলো ব্লগের এ উদ্যোগে আমরা আবার সে চিঠিরই একটি স্বাদ পেলাম। তৃতীয়বারের মতো আয়োজন করা হলো এ প্রতিযোগিতার।
এক রঙা এক ঘুড়ির প্রধান ব্লগার নীলসাধু বলেন, ‘এ উদ্যোগটি চিঠির পুরোনো আবেগের বিষয়টি তুলে দিতেই করা হয়েছে। এতে সব ব্লগার নানা ধরনের চিঠি লিখেছি। সেখান থেকে প্রিয় চিঠি হিসেবে ১০টি চিঠি নির্বাচন করা হয়ছে।’
এবারের ‘প্রিয় চিঠি’ আয়োজনে ব্লগারদের লেখা ১২৫টির বেশি চিঠির মধ্যে সেরা প্রিয় দশ চিঠি বিজয়ীরা হলেন আখতারুজ্জামান, আদম অনুপম, অনিন্দ্য অন্তর অপু, বৈশাখী ঝড়, সকাল রায়, লুৎফুন নাহার, আলভী, উননূর ও নাসরিন চৌধুরী। বিজয়ী সেরা চিঠিগুলো পাওয়া যাবে (www.prothom-aloblog.com/posts/55/205357) ঠিকানার ওয়েবসাইটে।