দেওয়া হলো অ্যাপস উন্নয়নের পরামর্শ
দুই ধাপের বিচার পর্ব পেরিয়ে যাঁরা ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর তৃতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নিয়ে গতকাল শনিবার ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল দিনব্যাপী ‘গ্রুমিং সেশন’। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫টি দল অংশ নেয়। প্রতিটি দলের তৈরি মোবাইল অ্যাপসগুলোকে কীভাবে আরও উন্নত ও ব্যবহার উপযোগী করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয় এ আয়োজনে।
গ্রুমিং পর্বে তিনটি অধিবেশনে ১৫টি দলকে তাদের শেষ প্রস্তুতির জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিন ধরনের অধিবেশনের মধ্যে ছিল মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব ভিউ, ডেটাবেইস অ্যান্ড ওয়েব সার্ভিসেস এবং ম্যাপস অ্যান্ড জিপিএস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের ছাত্র ইফতেখার আহমেদ বলেন, ‘শুধু জয়ী হওয়াই আমাদের লক্ষ্য নয়, আমরা ভবিষ্যতে সফটওয়্যার উন্নয়নশিল্পে কাজ করতে চাই। এই অধিবেশনের মূল উদ্দেশ্য হলো অ্যাপস তৈরি করার সময় কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে তা শেখা।’
অ্যাপস তৈরির সময় সমস্যা হলে তার সমাধান কীভাবে করতে হবে সে বিষয়েও নানা কৌশল বলে দেওয়া হয় এ আয়োজনে। গ্রুমিং সেশন পরিচালনা করেন বিশ্বজিৎ কর্মকার, শাহাব উদ্দিন ও মাসুমুন্নবী অনিক।
প্রতিযোগিতার বিচার প্রক্রিয়ার সমন্বয়ক রাজেশ পালিত বলেন, ‘গ্রুমিং সেশনগুলো আরও বড় পরিসরে করতে চাই। এ ধরনের আয়োজনে দক্ষ প্রোগ্রামার তৈরি হবে বলেও আমরা আশা করছি।’
দেশের শিক্ষার্থীদের জন্য গত বছরের জুলাই মাস থেকে শুরু হয়েছে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা। এতে প্রাথমিক পর্যায়ে জমা পড়ে ৮০৫টি ধারণাপত্র। এ থেকে বাছাই করা হয় ১২৫টি ধারণাপত্র। সেগুলো গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় প্রথম পর্বের বিচারকাজ। এতে ৩৫টি দল উত্তীর্ণ হয় দ্বিতীয় পর্ব। গত জানুয়ারি মাসে দ্বিতীয় পর্বের বিচারের পর এখন টিকে আছে ১৫টি অ্যাপস নির্মাতা দল।
—তন্ময় দেবনাথ