দেনার দায়ে নোঙর তোলেনি জবসের স্বপ্ন তরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ফরমায়েশে তৈরি করা প্রমোদ তরী ভেনাসকে আমস্টারডাম বন্দরে আটকে রাখা হয়েছে। ইয়টটির নির্মাতা ফিলিপ স্টার্ককে পুরো অর্থ পরিশোধ না করা হলে এটি ছাড়া হবে না বলে জানিয়েছেন স্টার্কের এক আইনজীবী। খবর বিবিসি অনলাইনের।অ্যাপল ইনকরপোরেটের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের করা সর্বশেষ নকশাটা ছিল ২৬০ ফুট লম্বা ভেনাস নামের এ প্রমোদতরি। ২০১১ সালের অক্টোবর মাসে স্টিভ জবসের মৃত্যুর এক বছর পর অক্টোবর মাসে নেদারল্যান্ডসের একটি জাহাজ তৈরির কারখানায় এর নির্মাণকাজ শেষ হয়। এ প্রমোদ তরী নকশায় স্টিভ জবসকে সাহায্য করেছিলেন অ্যাপলের প্রধান নকশাকার জোনাথন আইভ ও ফরাসি নকশাকার ফিলিপ স্টার্ক।প্রমোদতরিটির নকশা ও এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ছয় বছর। প্রেমের দেবী ভেনাসের নামে প্রমোদতরিটির নামকরণ করা হয়েছে ‘ভেনাস’। এর কাঠামো তৈরি করা হয়েছে হালকা ওজনের অ্যালুমিনিয়াম দিয়ে। প্রমোদ তরীটি তৈরিতে ব্যয় হয় ১০ কোটি ইউরো। ফিলিপ স্টার্কের আইনজীবীর দাবি, তৈরি শেষ হলেও ফিলিপকে এখনও পুরো পাওনা পরিশোধ করা হয়নি।বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রমোদ তরীটিকে এখনই বন্দর ছাড়ার অনুমতি দেওয়া যাচ্ছে না। কারণ এ প্রমোদ তরীটির খরচা বাবদ এখনো ৩০ লাখ ইউরো অপরিশোধিত রয়েছে।এদিকে, স্টার্কের আইনি প্রতিষ্ঠান ইউবিক এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, জাহাজটির নকশা ও অন্যান্য কিছু কাজের জন্য স্টার্ককে ৯০ কোটি ইউরো দেয়ার চুক্তি হয়েছিল। এর মধ্যে ৬০ লাখ ইউরো দেয়া হয়েছে। বাকি অর্থ এখনো পরিশোধ করা হয়নি। এটি পরিশোধের পর ভেনাসকে ছাড়া হবে।ইউবিকের আইনজীবী রোয়েলান্ট ক্ল্যাকেন বলেন, ২০০৭ সালে এটি তৈরির কাজ শুরু হয়। এ বিষয়ে জবস ও স্টার্কের সঙ্গে বহুবার আলোচনা হয়েছে। দুই পক্ষ পরস্পরকে বিশ্বাস করতেন। তাই বিস্তারিত কোনো চুক্তি করা হয়নি।স্টিভ জবসের নকশা করা ভেনাসের ভবিষ্যত্ কী সে বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল বা স্টিভ জবসের উত্তরসূরিরা।