দেবীদ্বারে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে সভা
মানসম্মত শিক্ষা ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত শিক্ষা অর্জন না করতে পারলে বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না—গতকাল রোববার কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, মানসম্মত শিক্ষা, মাদক, দুর্নীতি, ইভ টিজিং প্রতিরোধে মতবিনিময় সভায় কুমিল্লা জেলা প্রশাসক মো. জামাল হোসাইন এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম সফিকুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম কবির, কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, অধ্যক্ষ ফজলুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিনসহ অনেকে।বক্তারা বলেন, নিজে ভালো কাজটি শুরু করলে অন্যজনও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজন সামাজিক সচেতনতা। —এ বি এম আতিকুর রহমান, দেবীদ্বার (কুমিল্লা)