দেশ হলো আসলে জননীর মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন  অংশ-৪
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
৫.
বাংলাদেশের জনজীবন তাই ভারি বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া বন্ধুবান্ধবদের বাড়িতে কয়েক দিন কাটিয়ে আসা এভাবেও কত কিছু দেখা যায় মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালোবাসা জন্মাবে।
উত্তর: বাংলাদেশের জনজীবন তাই ভারি বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া, বন্ধুবান্ধবদের বাড়িতে কয়েক দিন কাটিয়ে আসা—এভাবেও কত কিছু দেখা যায়। মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে। মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালোবাসা জন্মাবে
৬.
বাংলা ভাষার বাইরে অন্য ভাষার মানুষও কমবেশি আছে বাংলাদেশে গারোদের নিজস্ব ভাষা আছে আছে চাকমা ত্রিপুরা বা সাঁওতালদেরও বাংলাদেশ যেন একটা বড় বাগান বাগানে কত রকমের গাছপালা বড় গাছ ছোট গাছ কোনো গাছে ফুল ফোটে কোনো গাছে ঝুলন্ত ফল বাতাসে দোল খায় বাংলাদেশও সেই রকম নানা ধরনের মানুষ নানা ধরনের পেশা।
উত্তর: বাংলা ভাষার বাইরে অন্য ভাষার মানুষও কমবেশি আছে বাংলাদেশে। গারোদের নিজস্ব ভাষা আছে, আছে চাকমা, ত্রিপুরা বা সাঁওতালদেরও। বাংলাদেশ যেন একটা বড় বাগান। বাগানে কত রকমের গাছপালা—বড় গাছ, ছোট গাছ। কোনো গাছে ফুল ফোটে, কোনো গাছে ঝুলন্ত ফল বাতাসে দোল খায়। বাংলাদেশও সেই রকম। নানা ধরনের মানুষ, নানা ধরনের পেশা।
৭.
দেশকে তাই যতটা পারা যায় কাছে থেকে দেখতে হবে দেশ মানে এর মানুষ জনপদ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো আসলে জননীর মতো মা যেন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনই তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে মাকে আমরা যেমন ভালোবাসি দেশকেও তেমনই ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
উত্তর: দেশকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো আসলে জননীর মতো। মা যেন স্নেহ-মমতা-ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো-বাতাস-সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল