
বাংলাদেশ বিভিন্ন মানুষের কাছে আলাদা আলাদা রূপে পরিচিত। কিন্তু এই দেশটাকে আমরা কতটুকু জানি। আমাদের গর্বের জায়গাগুলো নিয়ে কয়জন গর্ব করতে পারি! স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বাংলাদেশেকে জানার উদ্দীপনা বাড়ানোর জন্য মাছরাঙা টিভিতে হচ্ছে দেশকে জানার রিয়েলিটি শো ‘বাংলাদেশ ফার্স্ট’। আর এই অনুষ্ঠানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ফেসবুক ও মোবাইল গেম বাংলাদেশ ফার্স্ট।
এ গেম খেলে যে কেউ এখন দেশকে জানার সুযোগ পাবে। গেমার বাংলাদেশের ওপর বিষয়ভিত্তিকভাবে খেলতে পারেন অথবা সব ধরনের প্রশ্ন নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দিতে পারবেন। মোট ছয়টি বিষয় নিয়ে সাজানো হয়েছে বিষয়ভিত্তিক রাউন্ড। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ইতিহাস, খেলাধুলা, সমাজ ও শাসনব্যবস্থা, বিজ্ঞান-প্রযুক্তি ও শিল্প-বাণিজ্য, ভূগোল ও প্রকৃতি, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি। গেমার তাঁর পছন্দমতো বিষয় নিয়ে খেলতে পারবেন। প্রতিটি প্রশ্নের নৈর্ব্যক্তিক উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় ১৫ সেকেন্ড। কোনো প্রশ্ন না পারলে এড়িয়ে যাওয়া যাবে। তবে ভুল উত্তর দিলে সেখানেই গেমস শেষ। আর প্রশ্নের উত্তরের পাশাপাশি রয়েছে বিস্তারিত বিবরণ। যেমন কোনো প্রশ্নের উত্তর লালবাগ হলে গেমার লালবাগ কেল্লার ইতিহাস ও বিস্তারিত বিবরণ পাবেন জানার জন্য। গেমসের শব্দশৈলী এবং গ্রাফিকস মুগ্ধ করবে খুব সহজে। বাংলাদেশ ফার্স্ট গেমটি পাওয়া যাবে অ্যান্ড্রোয়েড-চালিত স্মার্টফোনের গুগল প্লে স্টোর এবং ফেসবুকে (www.facebook.com/bangladesh1st)।