শাঁখারীবাজার গলির শুরুতেই দক্ষিণ পাশে পোগোজ স্কুলের লোহার ফটক। সরু গলিটিতে সারি সারি শাঁখা-শঙ্খের দোকান। ফুটপাত দিয়ে বাঁশের ঝুড়িতে পদ্মকোরক, গাঁদার মালা সাজিয়ে বসেছেন ফেরিওয়ালারা। মন্দিরে প্রস্তুতি চলছে শারদীয় দুর্গাপূজার। পরিবেশে উৎসবের আমেজ।আরও এক উৎসবের আনন্দে ভাসছে স্কুলশিক্ষার্থীরা—ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল সেই দৃশ্য। দেড় শতাব্দীরও বেশি পুরোনো স্কুলটির দ্বিতল ভবনের পাশের মাঠে জমজমাট আয়োজন। একপাশে মঞ্চ। সামনে শামিয়ানা টানিয়ে চেয়ার পেতে বসার ব্যবস্থা। এর চারপাশ দিয়ে স্টল সাজানো। মঞ্চ থেকে গান বাজছে ‘এসো পৃথিবীর পাঠশালায়/ পৃথিবী যে ডাকছে তোমায়/ ইন্টারনেটের এই উৎসবে/ তোমার প্রতিভার অভিষেক হবে’। স্কুলের ভেতরে-বাইরে উৎসবের উভয় আয়োজনে পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী গলিতেই গতকাল সোমবার আনন্দঘন হয়ে উঠেছিল পরিবেশ।গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের আয়োজন চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। এ বছর সারা দেশে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার উৎসব হলো ঢাকা, ফরিদপুর ও ঠাকুরগাঁওয়ে।গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ আয়োজনে এ উৎসবের সহযোগী হিসেবে রয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সহায়তা দিচ্ছে গুগল, অপেরা, নকিয়া, ফেসবুক, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। বাংলাদেশের কোনো অনুষ্ঠানে এই প্রথমবার গুগল, অপেরা ও ফেসবুক সহযোগী হিসেবে অংশ নিল। উৎসবের ব্যবস্থাপনা সহযোগিতা করছে এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেড। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা পরিচালনা করছেন এই দেশজোড়া উৎসবের বিপুল কর্মযজ্ঞ।পোগোজ স্কুলের উৎসবে অংশ নেয় পুরান ঢাকার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী। স্কুলগুলো হলো: পোগোজ স্কুল, সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, কলেজিয়েট স্কুল, ইস্টবেঙ্গল ইনস্টিটিউশন, কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নারিন্দা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আজিজিয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয়, আহম্মেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, কে এল জুবিলি স্কুল অ্যান্ড কলেজ ও আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়।হাড্ডাহাড্ডি লড়াই বলতে যা বোঝায়, প্রায় সে রকমই ছিল পোগোজের প্রতিযোগিতা পর্ব। টাইব্রেকারে গড়াল চূড়ান্ত পর্ব। শেষে জয়ের পদক করায়ত্ত করে আই-জিনিয়াস খেতাব পেয়ে গেল সেন্ট গ্রেগরিজ হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ইশতিয়াক হোসেন।সকাল নয়টায় প্রতিযোগিতার জন্য নাম নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয়েছিল উৎসবের সূচনা। প্রাথমিক বাছাইয়ে ১৫০ জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য ৫০ জন উঠে এল। তাদের মধ্য থেকে পরের ধাপে সেরা দশ এবং তাদের মধ্য থেকে পরের ধাপের প্রতিযোগিতায় ইশতিয়াক হোসেন নির্বাচিত হলো আই-জিনিয়াস। তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করে দেশের অগ্রগতির পথে নিজের অবদান রাখার কথা বলল সে তার প্রতিক্রিয়ায়।এর আগে অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে পোগোজ স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ জুলফিকার আলম চৌধুরী ১৮৪৮ সালে প্রতিষ্ঠিত ঢাকার প্রাচীন এই স্কুলের ইতিহাস ও প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের পরিচিতি তুলে ধরেন। তিনি ঐতিহ্যবাহী এই স্কুলে উৎসব আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, সাংবাদিকতার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে প্রথম আলো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ইন্টারনেট উৎসব এসব কার্যক্রমেরই অংশ। তরুণ প্রজন্মকে তিনি সঠিকভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুহ সুফী বলেন, নতুন প্রজন্ম এ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি সম্পর্কে আগ্রহী হবে এবং ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আরও বেশি জানতে পারবে।উৎসবে প্রতিযোগিতা ছাড়াও ছিল মজার মজার খেলা। এ ছাড়া ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার পাওয়ার সুযোগ। শিক্ষার্থীরা এসবে অংশ নিয়ে আনন্দঘন সময় অতিবাহিত করেছে। একই সঙ্গে তারা দৃঢ় কণ্ঠে মাদককে না বলারও প্রতিজ্ঞা করে।ফরিদপুর ও ঠাকুরগাঁও থেকে প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ‘আমি মনে করি, নিজের ধ্যান-জ্ঞান, বিচার-বুদ্ধি দিয়ে কোনো কাজে লেগে থাকতে পারলে তার সাফল্য আসবেই।’ দ্বিতীয়বারের মতো ফরিদপুরের আই-জিনিয়াস হয়ে গতকাল কথাগুলো বলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন নিয়াজ আহমেদ।সকালে ফরিদপুর জিলা স্কুলে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্গা রানী সিকদার। উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের শপথবাক্যও পাঠ করান তিনি।উৎসবে ফরিদপুর শহরের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর জিলা স্কুল, পুলিশ লাইনস স্কুল, ফরিদপুর উচ্চবিদ্যালয়, সিটি কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, হিতৈষী উচ্চবিদ্যালয়, সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর বাণিজ্যিক কলেজ ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ।ফরিদপুর বন্ধুসভার সভাপতি মো. গিয়াস উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোনের ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা মো. মইনুল ইসলাম, প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা ও ফরিদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক রুমানুল বাসার। কুইজ পরিচালনা করেন মীর আবু সায়েম।ঠাকুরগাঁও: সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল ইন্টারনেটের আলোয় আলোকিত হয়ে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বজয়ের অঙ্গীকার ব্যক্ত করে ঠাকুরগাঁওয়ের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়, সুগার মিলস উচ্চবিদ্যালয়, আর কে স্টেট উচ্চবিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সি এম আইয়ুব গার্লস স্কুল, আমানতউল্লাহ ইসলামী একাডেমি, ইকো কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, রিভারভিউ উচ্চবিদ্যালয় ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ এবং সমীরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়।এর আগে সকালে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করিয়ে উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার ঘোষ। বক্তব্য দেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া মণ্ডল, গ্রামীণফোনের কর্মকর্তা শামিউল হক, প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খান, গত উৎসবের আই-জিনিয়াস ইজাব মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন ঠাকুরগাঁও বন্ধুসভার নারীবিষয়ক সম্পাদক সাজিয়া আফরিন। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় ঠাকুরগাঁও সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. সাঈদ তানভীর।আজ উৎসব পাঁচ স্থানে: আজ মঙ্গলবার উৎসব হবে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে। এগুলো হলো: রাজধানীর মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, নাটোরের দিঘাপাতিয়া এম কে ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ ও খুলনা জিলা স্কুল।