দেশজুড়ে ইন্টারনেট মহোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়ে আই–জেনের প্রাথমিক পর্যায়ে বিজয়ী কয়েকজন
ঢাকার নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়ে আই–জেনের প্রাথমিক পর্যায়ে বিজয়ী কয়েকজন

দুই হাজার বেশি স্কুল, সাড়ে আট লাখের বেশি শিক্ষার্থী৷ তিন সপ্তাহেরও কম সময়ে এত আয়োজন,
তা-ও আবার ইন্টারনেট নিয়ে৷ মহোৎসবই বটে!
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে সারা দেশে চলছে আই-জেন ২০১৫-এর জমজমাট আয়োজন৷ গত ২৫ এপ্রিল শুরু হওয়া এই উৎসবের প্রথম পর্যায় প্রায় শেষ৷ ইন্টারনেট নিয়ে স্কুলভিত্তিক সচেতনতা তৈরির এ ধাপে ১ হাজার ৮৬৬টির বেশি স্কুলে ইতিমধ্যে আই-জেন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাকিগুলোও শেষ হবে চলতি সপ্তাহে৷ দুই হাজার স্কুল থেকে বাছাই করা হয়েছে ১০ জনের ১০০০টি দল। দলগুলো ধাপে ধাপে জাতীয় পর্যায় পর্যন্ত নিজেদের স্কুলের প্রতিনিধিত্ব করবে; লড়বে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি জানার এ প্রতিযোগিতায়৷
স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা ও আগ্রহ তৈরির প্রয়াসে এবার তৃতীয়বারের মতো দেশব্যাপী এই আয়োজন করছে গ্রামীণফোন ও প্রথম আলো। এ আয়োজনের সহযোগী শিক্ষা মন্ত্রণালয়।
মজার এবং জানার ইন্টারনেট
এবারের আই-জেনের প্রথম পর্যায়ে ছিল স্কুলভিত্তিক সচেতনতা কার্যক্রম এবং আই-জেন প্রতিযোগিতা৷ স্কুলগুলোয় প্রায় তিন ঘণ্টার আয়োজনে প্রতিযোগিতা ছাড়াও ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের নানা দিক সম্পর্কে জানতে পারে। শিক্ষার্থীদের দেখানো হয় কীভাবে তারা মুঠোফোন থেকে ইন্টারনেট ব্যবহার করে পুরো বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারে। অনুষ্ঠানটিতে ভিডিও উপস্থাপনায় দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ভূমিকা, প্রভাব ও এর গুরুত্ব তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের জন্য ছিল তিনটি বিষয়ে বিশেষ উপস্থাপনা৷ এর মধ্যে ‘শিক্ষা ও জ্ঞান’ অংশে ইন্টারনেটকে শিক্ষার্থীরা কীভাবে শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করতে পারে, তা তুলে ধরা হয়৷ ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তথ্য, সংবাদ ও বিনোদনের মাধ্যমে নিজেকে এগিয়ে রাখার কৌশল শেখানো হয় ‘তথ্য-বিনোদন’ অংশে৷ শুধু ইন্টারনেট ব্যবহার করলেই হবে না, জানতে হবে ইন্টারনেটে কীভাবে নিরাপদ থাকা যায়৷ এ বিষয়ে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়ে ‘ইন্টারনেট নিরাপত্তা’ অংশে৷ ছিল ইন্টারনেট নিয়ে জানা-অজানার অনেক কিছুই৷ মজার ও তাৎক্ষণিক আয়োজনে থাকছে পুরস্কার জেতার সুযোগ৷ আর দুই হাজার স্কুলেই সবার জন্য অ্যালপেনলিবের সৌজন্যে আছে মজার মজার চকলেট৷
ধাপে ধাপে আই-জেন
স্কুলপর্যায়ের পর আই-জেনের জেলাপর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে আগামী জুন থেকে। প্রতিটি জেলায় গড়ে ১৫ থেকে ১৬টি স্কুল অংশ নেবে৷ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ইন্টারনেট সম্পর্কে শিক্ষার্থীদের জানার ব্যাপারটা যাচাইয়ের পাশাপাশি জীবনভিত্তিক বিভিন্ন সমস্যা দেওয়া হবে। ইন্টারনেটকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দলগতভাবে সমস্যাগুলোর সমাধান করবে৷ থাকবে বুদ্ধিবৃত্তিক আরও কিছু প্রতিযোগিতা। প্রতি জেলায় একটি করে দলকে বিজয়ী করা হবে৷ সেরা দলের সেরা পাঁচজন নিয়ে হবে ওই স্কুলের চূড়ান্ত দল৷ প্রতি জেলা থেকে পাঁচজনের এই দলটি পরবর্তী আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় তাদের স্কুল ও জেলার প্রতিনিধিত্ব করবে৷
আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা হবে অন্যভাবে। আট অঞ্চলে লড়বে ৬৪টি জেলার ৬৪টি দল। এতে তিন দিনের আবাসিক ক্যাম্পে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিভিত্তিক কিছু প্রশিক্ষণ দেওয়া হবে, যার ভিত্তিতে বাছাই করা হবে অঞ্চলের সেরা স্কুল৷ সব শেষে আট অঞ্চলের সেরা আট নিয়ে হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা৷ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য থাকবে টেলিভিশন অনুষ্ঠান (রিয়েলিটি শো)। এভাবে ধাপে ধাপে দুই হাজার স্কুল থেকে বেরিয়ে আসবে সেরা একটি দল, সেরা স্কুল৷ সেরা দলের প্রতিযোগীদের জন্য শিক্ষাসফর কিংবা উচ্চশিক্ষা বৃত্তির মতো আকর্ষণীয় পুরস্কার থাকছে। সেরা স্কুলের জন্যও থাকবে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের মতো আলাদা পুরস্কার৷
দেশব্যাপী আই-জেনের এই বিরাট কার্যক্রম বাস্তবায়ন করছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা৷ গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫-এ সহযোগিতা করছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, রেক্সোনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানল আই।
বিস্তারিত: prothom-alo.com/igen এবং facebook.com/igen