দেশজুড়ে ই-লাইব্রেরি গড়ে তোলার উদ্যোগ
যুক্তরাষ্ট্রভিত্তিক দি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় দেশে ই-লাইব্রেরি গড়ে তোলার উদ্যোগ নিতে যাচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের দপ্তরে সাক্ষাৎ করতে এলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা জানান, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বাংলাদেশে ই-লাইব্রেরি চালুর ব্যাপারে আগ্রহী।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শিগগিরই পিপলস কলসেন্টার নামে একটি কলসেন্টার চালু করতে যাচ্ছি; যেখানে আমরা এই ই-লাইব্রেরি কার্যক্রমকেও যুক্ত করতে পারি।’
ব্রিটিশ কাউন্সিলের উপপরিচালক ম্যাট পাসির নেতৃত্বে এই প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ কাউন্সিলের সহকারী পরিচালক (ব্যবসা উন্নয়ন) থমাস দোহারটি এবং ব্রিটিশ কাউন্সিলের ব্যবসা উন্নয়ন সমন্বয়কারী নাবিলা রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, জাতীয় ডেটা সেন্টারের পরিচালক তারেক বরকতউল্লাহসহ অনেকে।
বিজ্ঞপ্তি