দেশটিতে এখন থেকে বিটকয়েনে আলু-পটোল কেনা যাবে
বিটকয়েনকে দেশের দ্বিতীয় বৈধ মুদ্রা হিসেবে ঘোষণা করতে চেয়েছিলেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। তা তিনি করেছেন। বিশ্বের প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে ডিজিটাল মুদ্রা বিটকয়েন চালুর ইতিহাস গড়ল মধ্য আমেরিকার দেশটি।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এল সালভাদরের আইনসভায় বিটকয়েন–সংক্রান্ত আইনটি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে। ৮৪টির মধ্যে ৬২টি ভোট পড়েছে দেশে বিটকয়েন চালুর পক্ষে।
গতকাল বুধবার সকালে প্রেসিডেন্ট নায়িব বুকেলে ভোট গ্রহণের জন্য প্রস্তাবিত আইনটি আইনসভায় পাঠান। ভোট গ্রহণের পরপর বিটকয়েনের দাম বেড়ে যায় ৫ শতাংশ।
আইনটির উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, বিটকয়েনকে অবাধ মুদ্রা হিসেবে পরিচালিত করা, সীমার তোয়াক্কা না করে লেনদেনে ব্যবহার করা।
এল সালভাদরে এত দিন কেবল মার্কিন ডলার প্রচলিত ছিল। এখন থেকে বিটকয়েনেও অবাধে যেকোনো কিছুর মূল্য পরিশোধ করা যাবে, আবার কর দেওয়া যাবে।
সমালোচকেরা অবশ্য বলেন, বিটকয়েন বৈধ মুদ্রা হওয়ার যোগ্য নয়। কারণ এর মূল্য ঘন ঘন ওঠানামা করে। এল সালভাদর সে সমস্যা কীভাবে কাটিয়ে উঠবে, তা পরিষ্কার নয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছিল, মার্কিন ডলারের সঙ্গে বাজার অনুযায়ী বিনিময় মূল্য ঠিক করা হবে। দেশের জনগণ যেন বিটকয়েনে লেনদেন করতে পারে, সে জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের প্রচলন করবে সরকার।
আইনে আরও বলা হয়েছে, এল সালভাদরের প্রায় ৭০ শতাংশ মানুষ ব্যাংকিংয়ের মতো প্রচলিত আর্থিক সেবার সঙ্গে যুক্ত নয়। বিটকয়েন হয়তো মানুষকে তেমন সুযোগ করে দেবে।
ডিজিটাল ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান স্ট্রাইকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দেশটির আধুনিক আর্থিক অবকাঠামো গঠনে বিটকয়েন আইনটি প্রস্তাব করেন প্রেসিডেন্ট বুকেলে। এখন দেখার বিষয়, তাঁর সে পরিকল্পনার কতটা বাস্তবায়ন হয়।