
‘গণতন্ত্রে বহুমত থাকবে, মতানৈক্য থাকবে কিন্তু তার পরও গণতন্ত্রের স্বার্থেই আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে দুই দলকেই এগিয়ে আসতে হবে।’ দুর্নীতিবিরোধী ছায়া সংসদের বক্তব্যে ১২ মের সন্ধ্যাটা অন্যরকম হয়ে ধরা দিল দেশের বিতার্কিকদের কাছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তি-তর্ক দেখা গেল ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। ছায়া সংসদে আলোচনা-পর্যালোচনায় সন্ধ্যা পেরিয়ে তখন রাত। টান টান উত্তেজনায় মিলনায়তন অনেকটাই নিস্তব্ধ হয়ে এসেছে। ফল কী হবে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে উন্মুখ ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ জন বিতার্কিক। তাঁরা এসেছেন দেশের নানা প্রান্ত থেকে আর সবাই পড়ছেন উচ্চমাধ্যমিক, স্নাতক আর স্নাতকোত্তর পর্যায়ে। ফলাফলের কথা একটু পরেই বলি। এবার আয়োজনের প্রসঙ্গে আসা যাক। ‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ স্লোগানে ১১-১২ মে দুই দিনব্যাপী টিআইবি শেরেবাংলা কাপ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও টিআইবি। আর এতে ব্যক্তিগতভাবে প্রথম হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৌশিক সুর, দ্বিতীয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নওরীন মোস্তফা এবং তৃতীয় হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাইয়্যেদ তাইয়েব। এবার একে একে দেশসেরা এ তিন বিতার্কিকের কথা শোনা যাক।কৌশিক সুরের এবারই প্রথম হওয়া নয়। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক, মানবাধিকার বিতর্ক প্রতিযোগিতা আর জাতীয় অর্থনীতি বিতর্ক প্রতিযোগিতার মতো বেশ কয়েকটি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কৌশিক। শুধু পড়াশোনা বা বিতর্কেই ভালো নন কৌশিক, ছবি তোলাতেও বেশ দক্ষতা আছে তাঁর। আর বই পড়া, কবিতা আবৃত্তি করা এসব তো আছেই।
প্রতিবন্ধীদের শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়ে উচ্চতর পড়াশোনা শেষে এ বিষয়টি নিয়েই কাজ করার ইচ্ছা সুরের। রাজধানীর বাইরে এ বিষয়টি তেমন বিকশিত হয়নি। ‘পড়াশোনা শেষ করে এ বিষয়টি নিয়েই কাজ করব বলে ঠিক করেছি।’
নওরীন মোস্তফা এদিক থেকে একটু ভিন্ন। পড়াশোনা করছেন কৃষি অনুষদে। তাই ভবিষ্যতে একজন বড় কৃষিবিদ হওয়ার জন্য চেষ্টা করছেন। নওরীন একটু আক্ষেপ নিয়েই বললেন, ‘দেশের মূল চালিকাশক্তি কৃষিকে অনেকেই গুরুত্ব দিতে চায় না, এ ব্যাপারটিতে খারাপ লাগে। তাই বড় হয়ে একদিন দেশের কৃষিব্যবস্থাকে আধুনিক ও উন্নত করার স্বপ্ন দেখি।’ পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই বিতর্ক করছেন। বিতর্কে এবারের দ্বিতীয় পুরস্কার ছাড়া আরও তিনবার প্রথম পুরস্কার পেয়েছেন। রং-তুলি নিয়ে ছবি আঁকা আর আবৃত্তিতেও চর্চা আছে। সময় পেলেই গল্পের বই আর কবিতা পড়েন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইয়্যেদ তাইয়েব এ পর্যন্ত মোট ১৫টি চ্যাম্পিয়নশিপ জিতেছেন। বিতর্কের পাশাপাশি ভালো লাগে গ্রাফিকস ডিজাইন করতে। তিনি জানালেন, ‘নকশা করতে আমার বেশ ভালো লাগে। বিতর্কের পরেই আমার এ বিষয়টিতে বেশ ঝোঁক রয়েছে।’ ভবিষ্যতে নিজেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা হিসেবেই দেখতে চান সাইয়্যেদ।
কৌশিক, নওরীন আর সাইয়্যেদের মতো বিতর্কের কর্মীরাই একদিন দেশকে বদলানোর স্বপ্ন দেখেন।