দেশসেরা রাজশাহীবোর্ড পাস ৯৪.০৩ শতাংশ

এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড সর্বকালের সেরা ফলা অর্জন করেছে। বোর্ডের এবারের পাসের হার ৯৪ দশমিক ০৩ শতাংশ। এর আগে ১৯৭১ সালে এই বোর্ডে সর্বোচ্চ পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৩ শতাংশ। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ৩৩ শতাংশ।রাজশাহী বোর্ডের এবারের পাসের হার দেশের সব শিক্ষা বোর্ডের মধ্যেও সর্বোচ্চ। এবার পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ আট হাজার নয়জন শিক্ষার্থী। গতবার এই সংখ্যা ছিল এক লাখ ১৬ হাজার ৫৫৯ জন। এবার শিক্ষার্থীর সংখ্যা কমেছে আট হাজার ৫৫০ জন। তার পরও গতবারের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক হাজার ৪৭৭ জন। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১২ হাজার ২০৩ শিক্ষার্থী। এর মধ্যে পাঁচ হাজার ২১০ জন ছাত্রী ও ছয় হাজার ৯৯৩ জন ছাত্র। গতবার জিপিএ-৫ পেয়েছিল মোট ১০ হাজার ৭২৬ জন।রাজশাহী বোর্ডে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৭৬ শতাংশ। এই বিভাগের শিক্ষার্থী ছিল ৩৬ হাজার ২৯৯ জন। বাণিজ্য বিভাগের পাসের হার ৯৪ দশমিক ৬৫ শতাংশ। এই বিভাগের শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ৭৮১ জন। মানবিক বিভাগের পাসের হার ৯২ দশমিক ২২ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৬ হাজার ৯২৯ জন। তবে এবার পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। এবার দুই হাজার ৪৫৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গতবার এই বিদ্যালয়ের সংখ্যা ছিল দুই হাজার ৪৩৩টি। শতভাগ পাসের বিদ্যালয়ের সংখ্যা গতবারের দ্বিগুণেরও বেশি। গতবার শতভাগ পাস করেছিল ২৮৯টি বিদ্যালয় থেকে। এবার শতভাগ পাস করেছে ৬৬৭টি বিদ্যালয় থেকে। তবে শূন্য ফলাফল করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা এবার একটি রয়েছে। গতবার একটিও ছিল না। বোর্ডের ভালো ফলাফলের ব্যাপারে রাজশাহী পিএন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সারোয়ার জাহান ওরফে বুশরার বাবা আসলাম আলী বলেন, শিক্ষকেরা তো বিদ্যালয়ের পাঠদান করেনই। তার পরও শিক্ষার্থী ও অভিভাবকদের বিদ্যালয়ের বাইরের যে অক্লান্ত পরিশ্রম করার একটা প্রবণতা তৈরি হয়েছে, তার কারণেই এই ভালো ফল হয়েছে। তিনি বলেন, প্রতিদিন সকালে রাস্তায় বের হলে যাঁদের দেখা যায়, তাঁদের ১০ শতাংশ ডায়াবেটিস রোগী আর ৯০ শতাংশই শিক্ষার্থী আর অভিভাবক। সকালে ন্যূনতম দুই জায়গায় বাচ্চাদের পড়িয়ে তাঁরা বিদ্যালয়ে দিয়ে আসেন।
ভালো ফলাফলের ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, এবার যারা এসএসসি পাস করল, তারা অষ্টম শ্রেণীতে জেএসসি পরীক্ষা দিয়ে পাস করে এসেছে। ফলে বাছাই করা শিক্ষার্থীরাই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সৃজনশীল প্রশ্নপদ্ধতি সম্পর্কে তখন থেকেই তারা ধারণা লাভ করে আসছে। এ ছাড়া আগের চেয়ে অভিভাবকদের সচেতনতা অনেক বেড়েছে। শিক্ষার্থীরাও বুঝতে পেরেছে ভালো পড়াশোনা না করে তাদের আর কোনো উপায় নেই। সেই সঙ্গে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, সেমিনার ও আলোচনা সভার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি—সব মিলিয়েই এই ফলটা এসেছে।