প্রযুক্তিসংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যেকোনো কার্যকর উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা উচিত। এ ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বেশি কাজের সুযোগ দিতে হবে। গত শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। নিওস্টার অ্যালায়েন্স আয়োজিত ‘আইসিটি পজেটিভ বাজেট টু মেটারিয়েলাইজড দ্য ড্রিম অব হাইটেক বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পড়েন ই-জেনারেশন লিমিটেডের প্রধান নির্বাহী শামীম আহসান। এতে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, প্রতিটি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের জনবল প্রযুক্তি-বান্ধব করে তুলতে হবে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সুবিধার্থে প্রতিবন্ধকতাগুলো দূর করে সব নীতিমালা ও সুবিধা বাড়িয়ে দেওয়া উচিত। ইকুয়িটি অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ ফান্ড (ইইএফ) আরও ভালোভাবে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে। আরও বেশি ই-কমার্স ওয়েবসাইট চালুর কথা বলেন তিনি। বৈঠকে বক্তৃতা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, বিডিকম অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ, ইন্টেলের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুরসহ অনেকে। সঞ্চালক ছিলেন বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম।বক্তারা বলেন, ই-কমার্স সেবা দ্রুত চালুর পাশাপাশি সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য সঠিক সময়ে পৌঁছাতে হবে। গ্রামে প্রযুক্তিবান্ধব অবস্থা তৈরি করাসহ তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তি দ্রুততার সঙ্গে চালু করতে হবে। —নুরুন্নবী চৌধুরী