দেশীয় তথ্যপ্রযুক্তি-শিল্প বিশ্বে পরিচিত করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে দেশীয় তথ্যপ্রযুক্তি শিল্পকে বিশ্বে পরিচিত করার উদ্যোগ নিয়ে যাত্রা শুরু হয়েছে ‘বাংলাদেশ নেক্সট’ নামক ব্র্যান্ডের। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে নতুন এ ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, সময়োপযোগী নতুন এ ব্র্যান্ডের মাধ্যমে বহির্বিশ্বে আউটসোসিংয়ের মতো কাজের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য এগিয়ে যাবে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে বর্তমানে বিভিন্ন সমস্যার সমাধান দ্রুত করার চেষ্টা চলছে। বর্তমানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন এ খাতকে এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তি খাতের শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে মূল বিষয় উপস্থাপন করেন এশিয়ান টাইগার্সের ব্যবস্থাপনা সহযোগী ইফতি ইসলাম। বেসিস সভাপতি মাহবুব জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকার ডেনমার্ক রাষ্ট্রদূত সোয়েল্ড অলিং, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব-উল-ইসলাম, ঢাকা চেম্বার অব কমার্সের টি আই এম নুরুল কবির, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুরসহ অনেকে। অনুষ্ঠানে জানানো হয়, নতুন এ ব্র্যান্ডের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনাময় বিষয়গুলোকে তুলে ধরা হবে। উন্নত বিশ্বের জন্য বর্তমানে এ খাতে ভারত ও চীনের পর বাংলাদেশের পরবর্তী আউটসোর্সিং গন্তব্য হিসেবে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে। এসব কাজে এগিয়ে যেতে চলতি মাসেই আমেরিকা-বাংলাদেশ তথ্যপ্রযুক্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১৩ অক্টোবর অনুষ্ঠিত এ সম্মেলনে দেশি-বিদেশি তথ্য প্রযুক্তি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন। অনুষ্ঠানে বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম, সহসভাপতি ফারহানা এ রহমানসহ নির্বাহী পরিষদের সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন। —নুরুন্নবী চৌধুরী