দেশে অনলাইনে পণ্য বিকিকিনির নতুন প্ল্যাটফর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে পণ্য বেচা-কেনার জন্য সুইডেন-ভিত্তিক প্রতিষ্ঠান ‘বিক্রয় ডট কম’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এ প্ল্যাটফর্মটি ব্যবহার করে বিনামূল্যে ইংরেজি ও বাংলা ভাষায় পণ্য বেচা-কেনার সুযোগ পাবেন বাংলাদেশের ব্যবহারকারীরা। আজ বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম বাংলা অনলাইন পণ্য বিক্রয়কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিলস হামার।বিক্রয় ডট কমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিলস হামার ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার মার্কেটিং ঈশিতা শারমিন ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি কনসালটেন্ট মুনির হাসান। বিক্রয় ডট কম প্রসঙ্গে নিলস হামার জানিয়েছেন, ‘বিক্রয় ডট কম ইন্টারনেটে পণ্য কেনা-বেচায় আগ্রহীদের জন্য সহজ একটি প্ল্যাটফর্ম। ইন্টারনেট ব্যবহারকারীরা এ প্ল্যাটফর্মটি ব্যবহার করে বিনামূল্যেই তাঁদের পণ্যের বিজ্ঞাপন দেখাতে, দেখতে এবং পছন্দসই পণ্য কিনতে পারবেন। এ সুবিধা পেতে বৈধ ই-মেইল অ্যাড্রেস ও মুঠোফোন নম্বর দিয়ে ক্রেতা ও বিক্রেতারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবেন। বিক্রয় ডটকম শুধু প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ ওয়েবসাইটটির বাংলা এবং ইংরেজি সংস্করণ থাকবে।নিলস হামার আরও জানিয়েছেন, বিক্রয় ডট কম অনলাইনে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সম্পর্ক গড়ে দেবে। বাংলাদেশের ৮০ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর জন্য নতুন পণ্যের পাশাপাশি পুরোনো পণ্য বিক্রয়ের ক্ষেত্রেও এই প্ল্যাটফর্মটি বড় সুযোগ তৈরি করবে। বাংলাদেশে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বিক্রয় ডটকমের মুঠোফোন সংস্করণও চালু হয়েছে। এ প্রসঙ্গে ঈশিতা শারমিন জানিয়েছেন, বিক্রয় ডট কম মূলত ডিজিটাল মার্কেট। এখানে পুরোনো হ্যান্ডসেট থেকে শুরু করে, পোশাক এমনকি গবাদি পশুর বিজ্ঞাপনও দেয়া যাবে। প্রতিটি বিজ্ঞাপন ওয়েবসাইটটিতে ৯০ দিনের জন্য থাকবে। ক্রেতারা নিজ শহর বা অঞ্চল থেকেই কেনাকাটার সুবিধা পাবেন। বিজ্ঞাপন প্রকাশের আগে বিক্রয় ডট কমের কর্মকর্তারা তা যাচাই করে নেন।ঈশিতা শারমিন আরও জানিয়েছেন, সুইডেনের প্রোগ্রামাররা এ ওয়েবসাইট তৈরি করেছেন। পাকিস্তান ও শ্রীলংকাতেও বিক্রয় ডট কমের সুবিধা রয়েছে। উল্লেখ্য, পুরোনো পণ্যের অনলাইন বাজার হিসেবে ২০১১ সালে বিক্রয় ডট কম চালু হয়। এ সাইটটির প্রধান নির্বাহী নিলস হামার আগে স্কাইপিতে কাজ করেছেন। সুইডেন ও দুবাইয়ে বিক্রয় ডট কমের কার্যালয় রয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটটির ঠিকানা http://bikroy.com/