দেশে এইচটিসির আসল ফোন চেনার উপায়

দেশের বাজারে বৈধভাবে ফোন বিক্রি শুরু করেছে এইচটিসি। এর আগে দেশের বাজারে যেসব ফোন ছিল সেগুলোতে এইচটিসির কোনো অনুমোদন ছিল না। এর আগে ৬ অক্টোবর দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এইচটিসি।
এইচটিসির একটি সূত্র জানিয়েছে, এখন দেশে বেশ কিছু ডিস্ট্রিবিউটর দেওয়া হয়েছে। আরও দেওয়া হবে। এখন যেসব দোকানে এইচটিসির বৈধ অনুমোদন থাকবে সেখান থেকে ফোন কেনা যাবে। তাহলে এইচটিসির ওয়ারেন্টি পাওয়া যাবে। তা না হলে পাওয়া যাবে না।
এইচটিসির এই আসল ফোন চিনতে হলে ফোনের বক্সের গায়ে একটি বিশেষ স্টিকার দেখে কিনতে হবে। এ ছাড়াও ফোনের বক্সে বিশেষ নম্বর দেওয়া থাকবে যাতে কল করে নিশ্চিত হওয়া যাবে।
এইচটিসি ইতিমধ্যে গ্যাজেটস অ্যান্ড গিয়ারকে ফোন বিক্রির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে এইচটিসির একটি সূত্র। এইচটিসির কাছ থেকে অনেক ফোন কিনেছে গ্যাজেটস অ্যান্ড গিয়ার। এখান থেকে কিনলেও ওয়ারেন্টি পাওয়া যাবে।
দেশব্যাপী এইচটিসির বিপণন আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশে এইচটিসির পরিবেশক হিসেবে কাজ করবে নেক্সট৯। বাংলাদেশের তারা ১০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা দামের মধ্যে বিভিন্ন ধরনের স্মার্টফোন বিক্রি করার পরিকল্পনা করছে।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু উপলক্ষে এর আগে ৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এইচটিসি। এতে উপস্থিত ছিলেন এইচটিসির দক্ষিণ এশিয়ার বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মানু শেঠ, বিপনন পরিচালক রিঙ্গিত নায়ার, নেক্সট ৯ এর ব্যবস্থাপনা পরিচালক প্রেম চাঁদ প্রমুখ।
এইচটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে এইচটিসির ছয়টি মডেলের স্মার্টফোন বাজারে ছাড়া হয়েছে। স্মার্টফোনগুলো হচ্ছে ওয়ান এম ৮ আই, ডিজায়ার ৮২০ এস, ডিজায়ার ৬২৬জি প্লাস, ডিজায়ার ৬২০ জি, ডিজায়ার ৫২৬জি প্লাস এবং ডিজায়ার ৩২৬ জি। এ ছয়টি ছাড়াও শিগগিরই নতুন মডেলের ফোনও দেশে আনা হবে।