দেশে কম্পিউটার ভাইরাসের আক্রমণ বাড়ছে
সম্প্রতি মাইক্রোসফটের গবেষকেরা কম্পিউটার সিস্টেম স্ক্যান পরীক্ষা করে জানিয়েছেন, বাংলাদেশে ইন্টারনেট-সংশ্লিষ্ট মোট ভাইরাসের ৩৮ শতাংশই হচ্ছে কম্পিউটার ভাইরাস। দেশে কম্পিউটার ভাইরাসের এই আক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেও সতর্ক করেছেন তাঁরা।গত কয়েক বছর কম্পিউটার ভাইরাসের আক্রমণ কিছুটা কম হলেও চলতি বছর থেকেই এর আক্রমণ আবারও বেড়েছে। বিশ্বব্যাপী ৭ দশমিক ৮ শতাংশ কম্পিউটার ভাইরাসের অস্তিত্ব থাকলেও স্ক্যান সিস্টেমে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় গড়ে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কম্পিউটার ভাইরাসের উপস্থিতি পেয়েছেন মাইক্রোসফটের গবেষকেরা। মাইক্রোসফটের কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ টিম রেইনস সম্প্রতি এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন।এদিকে এক প্রতিবেদনে ফক্স নিউজ জানিয়েছে, কম্পিউটার হ্যাকারদের কাছে ভাইরাস ‘অস্ত্রটি’ গত কয়েক বছরে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল। কম্পিউটার সিস্টেমে আক্রমণের জন্য গত কয়েক বছর ভাইরাস ব্যবহারের পরিবর্তে অন্য পদ্ধতিগুলোই বেছে নিয়েছিল হ্যাকাররা। কিন্তু চলতি বছর থেকে আবারও ভাইরাসের আক্রমণ বেড়েছে। মাইক্রোসফটের গবেষকেরা জানিয়েছেন, বৈশ্বিক সব ম্যালওয়্যারের হিসাব ধরলে কম্পিউটার ভাইরাস ছিল ৫ শতাংশের কম কিন্তু ২০১২ সালের শেষ দিকে এসে কম্পিউটার ভাইরাস ৭ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। বিশ্বের নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে কম্পিউটার ভাইরাস বেড়েছে। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ার স্ক্যান সিস্টেমে ৪০, আফগানিস্তানে ৩৫ ও মিসরে ২৬ শতাংশ পর্যন্ত কম্পিউটার ভাইরাসের অস্তিত্ব দেখা গেছে।ব্রডব্যান্ডের ব্যবহারের হার কম হওয়ার কারণেই ভাইরাসের আক্রমণ বেশি বলে জানিয়েছেন মাইক্রোসফটের কর্মকর্তা রেইনস। ইন্টারনেটের গতি কম হওয়ায় এ অঞ্চলে ম্যালওয়্যার কম ছড়িয়েছে। তবে এ অঞ্চলে নব্বই দশকের ইন্টারনেট গতির কারণেই কম্পিউটার ভাইরাস ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কারণ বলেই মনে করছেন তিনি।রেইনস জানিয়েছেন, বিশ্বজুড়ে সবচেয়ে পরিচিত কম্পিউটার ভাইরাস হচ্ছে ‘উইন৩২/স্যালিটি’। উইন্ডোজ এক্সপি চালিত কম্পিউটারে এই ভাইরাসটির আক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়। এ ভাইরাসটি সহজেই এর রূপ বদলে অ্যান্টিভাইরাসকে ধোঁকা দিতে পারে। তবে এক্সপি বাদে উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেমগুলোতে এ ভাইরাসের আক্রমণ কম।তিনি আরও জানান, ম্যালওয়্যারের তুলনায় ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া সহজ। এ ক্ষেত্রে রেইনসের পরামর্শ হচ্ছে, ভাইরাস সম্পর্কে সচেতন থাকা ও কম্পিউটার ভাইরাসমুক্ত রাখতে হালনাগাদ অ্যান্টি-ভাইরাস করা। এ ছাড়া অজানা ওয়েবসাইট থেকে ডাটা স্থানান্তর বা সফটওয়্যার ডাউনলোড না করা ও ইউএসবি বা পেন ড্রাইভ ব্যবহারে সতর্ক থাকা।রেইনসের ব্লগ লিংক http://blogs.technet.com/b/security/archive/2013/05/16/are-viruses-making-a-comeback.aspx