দেশে ক্যাস্পারস্কি ল্যাবের সর্বশেষ সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাস্পারস্কি ল্যাব বাংলাদেশে নিয়ে এসেছে সর্বশেষ সংস্করণের নিরাপত্তা সফটওয়্যার ‘ক্যাস্পারস্কি ওপেন স্পেস সিকিউরিটি’। গত মঙ্গলবার রাতে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নতুন এই অ্যান্টি ভাইরাস সফটওয়্যার বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।‘ক্যাস্পারস্কি ল্যাব: টুয়ার্ডস অ্যা সেফ ডিজিটাল এন্টারপ্রাইজ’ শিরোনামের এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ক্যাস্পারস্কি ল্যাব এবং বাংলাদেশের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস। অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাদি পি ত্রতসেনকো বলেন, রাশিয়ায় ক্যাস্পারস্কি যেমন জনপ্রিয় তেমনি বাংলাদেশেও এটি সমানতালে জনপ্রিয়তা অর্জন করছে। অফিসএক্সট্র্যাক্টসের প্রধান নির্বাহী প্রবীর সরকার বলেন, ক্যাস্পারস্কি ল্যাবের আগের যেকোনো নিরাপত্তা সফটওয়্যারের চেয়ে সর্বশেষ সংস্করণটি অনেক বেশি কার্যকর। তিনি জানান, বর্তমানে বাংলাদেশে ক্যাস্পারস্কির নিবন্ধন করা গ্রাহকসংখ্যা তিন লাখ ৫০ হাজার। ক্যাস্পারস্কি ল্যাবের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক হ্যারি চ্যাং বলেন, ‘আমরা বাংলাদেশকে ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করছি। তাই এখানে আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে আরও বেশি মেধা, সম্পদ ও শ্রম নিয়োগ করতে আগ্রহী।’ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব রবীন্দ্রনাথ রায়, ক্যাস্পারস্কি ল্যাব দক্ষিণ এশীয় চ্যানেলের বিক্রয় পরিচালক জগন্নাথ পাটনায়েকসহ অনেকে বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচের জাদু প্রদর্শনী। —মোছাব্বের হোসেন