দেশে টুইনমসের থ্রিজি স্মার্টফোন

বাংলাদেশের বাজারে টুইনমস ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি শুরু হচ্ছে। টুইনমস ব্র্যান্ডটি ফ্ল্যাশড্রাইভের জন্য পরিচিত। দেশের বাজারে টুইনমস স্কাই ভি৫০১ মডেলের স্মার্টফোনটির দাম হবে ১৭ হাজার ৯০০ টাকা।
বাংলাদেশে টুইনমস ব্র্যান্ডের স্মার্টফোন বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। বিপণনকারী প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, স্মার্টফোনটির সঙ্গে এক বছরের বিক্রয়ত্তোর সেবা দেবেন তারা।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর টুইনমস স্কাই ভি৫০১ মডেলের স্মার্টফোনটিতে থাকছে কোয়াড কোরের প্রসেসর, এক গিগাবাইট ফোন মেমোরি, এক গিগাবাইট র্যাম সুবিধা।
পাঁচ ইঞ্চি মাপের হাইডেফিনেশন ডিসপ্লে সুবিধার স্মার্টফোনটির পেছনে আট ও সামনে তিন মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। পাশাপাশি ফ্ল্যাশ লাইট, জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, মাইক্রো ইউএসবি পোর্ট, এফএম রেডিও, থ্রিজি ভিডিও কল সুবিধা, ভয়েস রেকর্ডার, ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে এতে।
বিপণনকারী প্রতিষ্ঠানটির ভাষ্য, ৯.৮ মিলিমিটার পুরুত্বের টুইনমসের স্মার্টফোনটিতে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এর ডুয়াল ব্যাটারি সুবিধা। অর্থাত্, লিথিয়াম ব্যাটারির (১৭০০ এমএএইচ) চার্জ শেষ হয়ে গেলেও ইন্টারনাল লি-পলিমার (১১০০ এমএএইচ) ব্যাটারি দিয়ে প্রয়োজনীয় সকল কাজ করা সম্ভব।