দেশে ডিজিটাল বিজ্ঞাপনের নতুন মিডিয়া
যুক্তরাজ্যভিত্তিক ডিজিটাল মিডিয়া টেকনোলজি প্ল্যাটফর্ম ‘কমলি মিডিয়া’ বাংলাদেশে কাজ শুরু করতে পারে। বাংলাদেশকে ডিজিটাল বিজ্ঞাপনের সবচেয়ে সম্ভাবনাময় বাজার হিসেবে মনে করছে প্রতিষ্ঠানটি।বাংলাদেশে আঞ্চলিক ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কমলি মিডিয়ার প্রতিনিধি বাংলাদেশে আসছেন। আগামীকাল শুক্রবার প্রতিষ্ঠানটির ব্যবসা উন্নয়ন কর্মকর্তা নাভিন ইফতেখারুদ্দীন বাংলাদেশ সফর করবেন। কমলির মিডিয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে পরিচিত নাম ‘কমলি মিডিয়া’। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ভারতে ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে সফল হয়েছে। ফ্রান্স, জার্মানি ও দুবাইয়ে কার্যক্রম সম্প্রসারণের পর বাংলাদেশেও ডিজিটাল বিজ্ঞাপন নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।কমলি মিডিয়ার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার দ্রুত বাড়ছে। বর্তমানে ১৮ শতাংশ মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে গেছে। বাংলাদেশে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারও দ্রুত বাড়ছে। বর্তমানে ডিজিটাল বিজ্ঞাপনের বাজার প্রায় দুই হাজার কোটি টাকা। প্রতি বছর ১০ শতাংশ হারে ডিজিটাল বিজ্ঞাপনের বাজার বাড়ছে।