দেশে পাওয়া যাচ্ছে জিটি-৩ স্মার্টঘড়ি

হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ছবি: হুয়াওয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নতুন প্রজন্মের স্মার্টঘড়ি নিয়ে এসেছে হুয়াওয়ে। হরমনি ২.১ অপারেটিং সিস্টেমে চলা ‘হুয়াওয়ে ওয়াচ জিটি ৩’ মডেলের স্মার্টঘড়ি কাজে লাগিয়ে সময় দেখার পাশাপাশি ফোনকলও করা যায়। মুঠোফোনে আসা বার্তার তথ্যও জানান দিতে পারে স্মার্টঘড়িটি। গান শোনা ছাড়াও স্মার্টঘড়িটি কাজে লাগিয়ে ব্যায়ামের সময় ক্যালরি খরচের তথ্যও জানা যায়। শক্তিশালী ব্যাটারি থাকায় চার্জ নিয়েও চিন্তা নেই, একবার চার্জ দিলেই টানা ১৪ দিন পর্যন্ত ব্যবহার করা যায় স্মার্টঘড়িটি।

বাংলাদেশে হুয়াওয়ে পণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আমরা বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ বাজারজাত শুরু করেছি। ৪৫.৯, ৪৫.৯ এবং ১১ মিলিমিটার আকারের স্মার্টঘড়িটি প্রায় ৫০ মিটার পানির নিচেও ব্যবহার করা যায়। ১.৪৩ ইঞ্চি পর্দার অ্যামোলয়েড স্ক্রিনের স্মার্টঘড়িটিতে ৩২৬ ঘনত্বের ৪৬৬ বাই ৪৬৬ পিক্সেলের রেজল্যুশনে ছবি দেখা যায়। স্মার্টঘড়িটিতে ৪৫৫ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারিসহ অ্যাক্সিলোমিটার, জাইরো, হার্টরেট, ব্যারোমিটার, কম্পাস, এসপিও২ সেন্সরও যুক্ত করা হয়েছে।’

ওয়্যারলেস চার্জিং সুবিধার স্মার্টঘড়িটি চার্জ করতে ভুলে গেলেও সমস্যা নেই। কারণ, মুঠোফোন থেকেও চার্জ করা যায় স্মার্টঘড়িটি। এতে হুয়াওয়ের ট্রুসিনটিম ৫.০+ হার্ট রেট মনিটরিং প্রযুক্তি থাকায় ইচ্ছে হলেই হৃৎস্পন্দনের তথ্য জানার সুযোগ মিলে থাকে। রয়েছে উন্নতমানের ওয়ার্কআউট মনিটরিং সুবিধাও। ফলে স্মার্টঘড়িটি কাজে লাগিয়ে ঘরে বা বাইরের উপযোগী বিভিন্ন ব্যায়ামও করা যাবে।

স্মার্টঘড়িটিতে হুয়াওয়ের অ্যাপ গ্যালারি থেকেও বিভিন্ন অ্যাপ ইনস্টল করে ব্যবহার করা যায়। কিনতে গুনতে হবে ২৩ হাজার ৯৯৯ টাকা।