বাংলাদেশে ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের মতো ডিজিটাল যন্ত্র উৎপাদন করে ডিজিটাল শিল্পায়নের পথকে সুসংহত করার উদ্যোগ নেবে তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সংগঠনটির ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এজিএমে আর্থিক বিবরণী পেশ ও আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ সভাপতিত্ব করেন। মহাসচিব নজরুল ইসলাম ২০১৫ সালের বিসিএসের কার্যক্রমের বিবরণ এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আগামী অর্থবছরের জন্য সমিতির বাজেট উপস্থাপন করেন।
এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স বৈঠকে দেশে ডিজিটাল যন্ত্র উৎপাদন ও সংযোজন করে স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানিতে সবিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা একমত পোষণ করে ভোক্তা থেকে উৎপাদকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য টেকসই পরিকল্পনা গ্রহণ করেছি।’
এজিএমে বিসিএসের সহসভাপতি মজিবুর রহমান, নবনির্বাচিত সভাপতি আলী আশফাকসহ নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি