দেশে লেনোভোর স্মার্টফোন বিক্রি শুরু

স্মার্টফোন নিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে লেনোভো। ৪ জুন রাজধানীর একটি হোটেলে চারটি মডেলের স্মার্টফোন উন্মুক্ত করার পাশাপাশি স্মার্ট টেকনোলজিসকে লেনোভো মোবাইলের পরিবেশক হিসেবে ঘোষণা দেয় লেনোভো কর্তৃপক্ষ।
লেনোভো কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের বাজারে লেনোভোর স্মার্টফোনের এটাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। এর আগে যেসব স্মার্টফোন বিক্রি হতো তা অনুমোদনবিহীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেনোভোর ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলস অপারেশন্সের প্রধান রোহিত খাট্টার, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার সুনীল ভার্মা, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও টেলিকম বিভাগের ব্যবস্থাপক মো. ইখতিয়ার আহমেদ।
রোহিত খাট্টার বলেন, ‘গুণগত মান নিশ্চিত করে ব্যবহারকারীদের হাতে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যটি তুলে দিতে বদ্ধপরিকর লেনোভো। বাংলাদেশের বাজারে আমরা যে পণ্যগুলো উন্মুক্ত করছি সেগুলোই তার প্রমাণ।’
অনুষ্ঠানে জহিরুল ইসলাম বলেন, ‘স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড সব সময়ই বিশ্বের শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় ব্র্যান্ডগুলো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। লেনোভোর মতো একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
জহিরুল ইসলাম জানান, দেশব্যাপী ২১ জন আঞ্চলিক পরিবেশক এবং ১০টি সার্ভিস সেন্টারের মাধ্যমে প্রাথমিকভাবে লেনোভো মোবাইলের সেবা পাবেন ব্যবহারকারীরা।
শুরুতে দেশে লেনোভোর চারটি ফোন পাওয়া যাবে। এগুলো হলো লেনোভো এ ৬০১০, লেনোভো ভাইব পি১ এম, লেনোভো এ ১০০০ এবং লেনোভো ২০১০। এগুলোর দাম যথাক্রমে ১৩ হাজার ৪৯৯ টাকা, ১১ হাজার ৯৯৯ টাকা, ৬ হাজার ৯৯ টাকা ও ৬ হাজার ৯৯৯ টাকা। গ্যাজেট অ্যান্ড গিয়ারসহ দেশের বিভিন্ন আউটলেটে এ ফোন পাওয়া যাবে।