দেশে সাইবার অপরাধ বেড়ে চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইন্টারনেটের ব্যবহার দ্রুত বাড়ছে। পাশাপাশি সাইবার অপরাধও উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে, যা এখনই প্রতিরোধ করতে না পারলে ভয়াবহ পরিণতির দিকে যাবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সম্প্রতি অনুষ্ঠিত ‘সাইবার অপরাধ, নিরাপত্তা এবং ডিজিটাল সইয়ের ব্যবহার’বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারনেটের ব্যবহার যাতে দেশ ও মানবকল্যাণে সীমাবদ্ধ থাকে, সেই বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কম্পিউটার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মো. শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য মোহা. রফিকুল আলম বেগ। বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব আবু মনসুর মো. শরিফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম শেখ, রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোশাররাফ হোসেন ও ছাত্রকল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান।
সেমিনারের কারিগরি পর্বে ‘আইসিটি আইন ২০০৬: অপরাধ ও শাস্তি’ এবং ‘ডিজিটাল সই ও বাংলাদেশে পিকেআই মডেল’ শিরোনামের দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জুলফিকার আহমেদ এবং দোহাটেকের পিকেআই বিশেষজ্ঞ মো. মাকসুদুর রহমান।