দেশে স্যামসাংয়ের ডিস্ট্রিবিউশন ওয়্যারহাউস

বাংলাদেশে প্রথমবারের মতো ডিস্ট্রিবিউশন ওয়্যারহাউস উদ্বোধন করল স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। এর সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ট্রেড সিন্ডিকেট লিমিটেড বা টিএনটি। সার্ভিস সেন্টারের চাহিদার ওপর ভিত্তি করে দেশব্যাপী দ্রুত ডিভাইস পার্টস ও অ্যাকসেসরিজ পৌঁছে দেওয়ার কাজ হবে এই ওয়্যারহাউসে।
ওয়্যারহাউস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সি এস মুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস লিমিটেডের কাস্টমার স্যাটিসফেকশন টিম ভাইস প্রেসিডেন্ট এস ওয়াই জুং, বাংলাদেশ ট্রেড সিন্ডিকেট লি: (বিটিএসএল) এর ব্যবস্থাপনা পরিচালক তানজিল চৌধুরী এবং স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ এর হেড অব সার্ভিসেস তানভির শাহেদ।
ওয়্যারহাউস উদ্বোধন সম্পর্কে স্যামসাং এর কান্ট্রি ম্যানেজার সি এস মুন বলেন, ‘গ্রাহকদের জন্য দ্রুত এবং সহজ সেবা নিশ্চিত করতে স্যামসাংয়ের এই ওয়্যারহাউস চালু করা হয়েছে। এখন আমাদের গ্রাহকেরা আরও মানসম্মত সেবা পাবেন। টিএনটি এর সহায়তায় সর্বোত্তম গ্রাহক সেবায় আমরা এক নতুন মানদণ্ড সৃষ্টি করতে পারব বলে আমরা আশা করছি।’
বাংলাদেশ ট্রেড সিন্ডিকেট লিমিটেডের (বাংলাদেশে টিএনটি এর অনুমোদিত সহযোগী) তানজিল চৌধুরী বলেন, ‘স্যামসাংয়ের সঙ্গে থ্রিপিএল লজিস্টিক কার্যক্রম শুরু করতে পেরে আমরা বেশ আনন্দিত। বাংলাদেশে টিএনটি এক্সপ্রেস এর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্যামসাংয়ের পরিবেশকেরা যেন দ্রুত সার্ভিস পার্টস পেতে পারেন, এই ওয়্যারহাউস সেটি নিশ্চিত করবে।’
এক বিজ্ঞপ্তিতে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকার তেজগাঁওয়ে এই ওয়্যারহাউস অবস্থিত। এখান থেকে সারা দেশের সার্ভিস সেন্টারগুলোর চাহিদা অনুযায়ী স্যামসাং মোবাইল যন্ত্রাংশ প্রাত্যহিকভাবে সরবরাহ করা হবে। এই উদ্যোগের ফলে স্যামসাং ডিভাইসের যন্ত্রাংশ সরবরাহ বৃদ্ধি পাবে, মেরামতের সময়সীমা হ্রাস পাবে এবং গ্রাহক সন্তুষ্টি বাড়বে।