দেশে ১১ কোটি ছাড়াল মুঠোফোন গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন গ্রাহক
মুঠোফোন গ্রাহক

দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটির মাইলফলক ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ দেশে মুঠোফোন ব্যবহারকারী দাঁড়িয়েছে ১১ কোটি ছয় লাখ ৭৫ হাজারে। আজ ৬ নভেম্বর দেশে মুঠোফোন ব্যবহারকারীর সর্বশেষ তথ্য প্রকাশ করেছে বিটিআরসি।
এর আগে চলতি বছরের ৭ অক্টোবর বিটিআরসি প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে মুঠোফোন গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৯০ লাখ ৩০ হাজার। গত এক বছরে বিটিআরসির হিসাবে দেশে দেড় কোটিরও বেশি মুঠোফোন গ্রাহক বেড়েছে।
সেপ্টেম্বর মাসের হিসাবে দেশে শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহক চার কোটি ৬০ লাখ, বাংলালিংকের দুই কোটি ৮১ লাখ, রবির গ্রাহক দুই কোটি ৪৮ লাখ, এয়ারটেলের ৮০ লাখ ৩৩ হাজার, টেলিটকের ২৩ লাখ ৪০ হাজার এবং সিটিসেলের ১৩ লাখ ৩০ হাজার।
বিটিআরসির দেয়া এক তথ্য অনুযায়ী, এক মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে দুই লাখেরও বেশি। আগস্ট মাসের শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল তিন কোটি ৬২ লাখ ৪৯ হাজার যা সেপ্টেম্বরের শেষে বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৬৫ লাখ ৩৩ হাজারের বেশি।
দেশে দ্রুতগতিতে বাড়ছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে প্রায় সাড়ে তিন কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।

থ্রিজির প্রসারে ইন্টারনেট ব্যবহারকারী আরও দ্রুত বাড়বে বলেই মনে করছে মোবাইল অপারেটররা।

বিটিআরসির ওয়েবসাইটের লিংক http://www.btrc.gov.bd/