দেশে ৮ লাখ স্মার্টফোন!
দেশে দ্রুত বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহূত হচ্ছে আট লাখেরও বেশি। ‘কিউবি ল্যাপটপ মেলা ২০১৩’ উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনীর হাসান এ তথ্য জানিয়েছেন।২২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর সামরিক জাদুঘরে শুরু হয়েছে চার দিনের ল্যাপটপ মেলা। আয়োজক এক্সপো মেকার। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনীর হাসান।মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুনীর হাসান জানিয়েছেন, বাংলাদেশের তরুণদের মধ্যে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আগ্রহ বাড়ছে। তরুণেরা বেশির ভাগ তথ্য এখন স্মার্টফোনের অ্যাপ্লিকেশনেই পেতে চান। তাঁরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই ইন্টারনেটের খরচ ও স্মার্টফোনের দাম হাতের নাগালে করা উচিত।বাংলাদেশে ফ্রিল্যান্সিং ক্ষেত্রের কথা উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক বলেন, ‘আমাদের দেশ এ বছর ফ্রিল্যান্সিংয়ে উন্নতি করেছে। দেশের ফ্রিল্যান্সারদের আয় গড়ে এক ডলার করে বেড়েছে।’মোস্তাফা জব্বার বলেন, দেশের তরুণদের হাতে রূপান্তরের ভার ছেড়ে দিতে হলে ব্রডব্যান্ড ইন্টারনেট সবার কাছে পৌঁছে দিতে হবে। ইয়াফেস ওসমান তাঁর বক্তব্যে বলেন, তরুণেরা তথ্যপ্রযুক্তির ব্যবহারে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলেই তিনি আশাবাদী।