ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তির নানা বিষয় তুলে ধরার আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২। গত বছরের নভেম্বর মাসেও ই-এশিয়া নামের একই ধরনের একটি আয়োজন করা হয়েছিল সরকারি উদ্যোগে। তবে সেটি ছিল একটি ভারতীয় প্রতিষ্ঠানের আয়োজন, যা এশিয়ার বিভিন্ন দেশে হয়ে থাকে। ডিজিটাল ওয়ার্ল্ডের পুরো আয়োজন করছে বাংলাদেশ সরকার। ‘সমৃদ্ধির জন্য জ্ঞান’ বিষয় নিয়ে এই আয়োজনের আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই)। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আইসিটিসচিব নজরুল ইসলাম খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘তথ্যপ্রযুক্তি নিয়ে আমরা যা করছি তা বিশ্ববাসীকে জানানো এবং অন্যান্য দেশ যা করছে, সে সম্পর্কে জানতেই এ আয়োজন। পাশাপাশি বাংলাদেশের ব্র্যান্ডিং করাও একটা উদ্দেশ্য।’ এই আয়োজনে বেশ কিছু আন্তর্জাতিক সেমিনার রয়েছে, যা থেকে অনেক কিছু শেখা যাবে বলে মনে করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘এই আয়োজন থেকে আমাদের বড় প্রাপ্তি হবে দুটি জিনিস। এর একটা হলো, ক্লাউড কম্পিউটিং এবং অপরটি হলো আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং খাতের বিশ্বখ্যাত ব্যক্তিরা ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিচ্ছেন।’ডিজিটাল ওয়ার্ল্ডে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অংশ নিচ্ছে। তাদের স্টল থাকছে। জনগণের জন্য কী ধরনের সেবা সরকারের বিভিন্ন অঙ্গ থেকে এখন দেওয়া হচ্ছে, তা দেখানো হবে এসব স্টলে। নজরুল ইসলাম খান জানান, সাধারণ মানুষ দেখবে, তার সেবাটা কোন দপ্তর কীভাবে দিচ্ছে। কীভাবে কোন সেবা নিতে হয় এবং তাদের জন্য কী কী সেবা আছে, সেটা সাধারণ মানুষ জানতে পারবে এই আয়োজন থেকে। সরকারের পাশাপাশি দেশের বেসরকারি খাতের অংশগ্রহণও এতে থাকছে।নজরুল ইসলাম খান বলেন, ‘অন্য দেশে আগে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার শুরু হয়, পরে সরকার তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সেবা দেয়। কিন্তু আমরা শুরু করেছি উল্টো পদ্ধিতে। কম টাকায় সেবাগুলো আমরা আগে দিচ্ছি, পরে স্বয়ংক্রিয় প্রযুক্তির দিকে যাচ্ছি।’আজ সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২ সবার জন্য খুলে দেওয়া হবে। প্রতিদিন এ আয়োজন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। এতে রোবট প্রযুক্তি, শিশুদের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড ইত্যাদি প্রদর্শনী থাকছে। আজ বিভিন্ন ধরনের ই-সেবার মধ্যে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। বিকেলে থাকবে ক্লাউড কম্পিউটিং নিয়ে কারিগরি আলোচনা। ডিজিটাল উদ্যোক্তা সম্মেলনও হবে আজ। আগামীকালের আয়োজনের মধ্যে থাকছে ক্লাউড ক্যাম্প ও ফ্রিল্যান্সিং আউটসোর্সিং নিয়ে একাধিক অধিবেশন। —নিজস্ব প্রতিবেদক