দেশের প্রচলিত আইন অনুযায়ী সেন্সর হবে টুইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার টুইটারে প্রকাশিত টুইট সংশ্লিস্ট দেশের প্রচলিত আইন অনুযায়ী সেন্সর করা হবে। দেশের প্রচলিত আইন মানা হচ্ছে না বলে ভারত ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ সামাজিক যোগাযোগের সাইটগুলোর ওপর চাপ সৃষ্টি করছিল। আর তাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে খুদে ব্লগ (মাইক্রোব্লগিং) লেখার জনপ্রিয় সাইট টুইটার। সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ তাদের ব্লগে জানিয়েছে, বিশেষ কোনো দেশের আইন লঙ্ঘন করলে সেই বার্তা সেই দেশেই সেন্সর করা হবে। এর মাধ্যমে কোনো বেআইনি বার্তা (টুইট) লিখলে তা সে দেশের টুইটারের পর্দায় দেখা যাবে না, দেখা যাবে বিশ্বের অন্য দেশে। বিভিন্ন দেশের সরকারের চাপে পড়েই টুইটারের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা। ৬ বছরে বয়সী টুইটারে বর্তমানে প্রায় ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। টুইটারের মাধ্যমে গত বছর আরব বিশ্বে বেশ পরিবর্তনের ঘটনা ঘটেছে। সে সময় এই টুইটার কর্তৃপক্ষ জানিয়েছিল, কোনো অবস্থায় স্বাধীনভাবে ব্যবহারকারীদের টুইট বার্তা দিতে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। তবে এক বছরের মাথায় সেই অবস্থান থেকে সরে এসেছে টুইটার। টুইটারের এমন উদ্যোগ ভবিষ্যতে টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগের সাইটগুলোর ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম