দেশের প্রথম স্মার্টফোন মেলা
আগামী ১১ জানুয়ারি থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনের ‘স্মার্টফোন এক্সপো’। স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে আয়োজিত দেশের প্রথম মেলা এটি। সবার জন্য উন্মুক্ত এই মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে চলবে রাত ৮ টা পর্যন্ত। মেলার আয়োজক অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘এক্সপো মেকার’। মেলা উপলক্ষে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এক্সপো মেকার। সেখানে মেলার বিস্তারিত জানিয়েছেন স্মার্টফোন এক্সপোর সমন্বয়ক বিপ্লব ঘোষ রাহুল। সম্মেলনে উপস্থিত ছিলেন টেলিটকের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান। এ মেলার প্রধান পৃষ্ঠপোষক ‘টেলিটক থ্রি জি’।টেলিটকের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক সংবাদ সম্মেলনে বলেন, ‘স্মার্টফোন ও ট্যাবলেটের মতো পণ্য থ্রি জি ছাড়া খুব বেশি কার্যকর নয়। থ্রি জি ও স্মার্টফোন মিলে ইন্টারনেট ও অ্যাপ্লিকেশন ব্যবহারের দারুণ অভিজ্ঞতা দেবে। মেলায় টেলিটক বিভিন্ন অফার নিয়ে হাজির হবে বলেও জানান তিনি।বিপ্লব ঘোষ জানান, স্মার্টফোন এক্সপোতে স্যামসাং, সিম্ফনি, আসুসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাবে। মেলায় স্মার্টফোন নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞতার জন্য ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির বিশেষ আয়োজন থাকবে। মেলার ৭ টি প্যাভিলিয়নে মোট ১৭ টি স্টলে প্রযুক্তি-পণ্য প্রদর্শিত হবে। প্রদর্শনীর পাশাপাশি অ্যাপ্লিকেশন নির্মাতারাও তাঁদের অ্যাপ্লিকেশন প্রদর্শন করবেন।