দেশের প্রথম ‘ই-কমার্স মেলা ২০১৩’
‘ই-কমার্স মেলা ২০১৩’ নামে দেশে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে পণ্য কেনা-বেচার সুযোগ সুবিধা বিষয়ক একটি প্রদর্শনী। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য এ মেলার আয়োজন করবে তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কম্পিউটার জগত্। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে ইন্টারনেট ও মুঠোফোনের জনপ্রিয়তার কারণে ই-কমার্সের ক্ষেত্র বেড়েছে। ভবিষ্যতে ই-কমার্স দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করবে অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে। ই-কমার্স সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান সমূহের কাজে গতিশীলতা আসবে এবং একই সঙ্গে পণ্য ও সেবার গুণগত মান উল্লেখযোগ্য হারে বাড়বে।‘ই-কমার্স মেলা ২০১৩’ আয়োজনে ই-কমার্সের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- ব্যাংক, সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মুঠোফোন অপারেটর, সরকারি প্রতিষ্ঠান, এনজিও, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। এ প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য এবং সেবা দর্শনার্থীদের সামনে তুলে ধরার সুযোগ পাবে। দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিশিষ্টজনদের অংশগ্রহণে মেলায় থাকবে সেমিনার ও আলোচনা সভা।