দেশের প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের প্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য মার্কিন উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে এবং মার্কিন উদ্যোক্তাদের সংগঠন দি ইন্দাস এন্টারপ্রাইজের (টাই) ব্যবস্থাপনায় গত মঙ্গলবার সিলিকন ভ্যালির টাই সদর দপ্তরে হয়ে গেল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রযুক্তি বিনিয়োগ সম্মেলন-২০১৩ নামের এ আয়োজন। সম্মেলনে দুটি অধিবেশনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগ ও নানা রকম উদ্যোগ নিয়ে আলোচনা হয়। দুপুরের পর শুরু হয় ‘উন্নতির জন্য কারিগরি অংশীদারিত্ব’ শীর্ষক অধিবেশন। সন্ধ্যায় শুরু হয় ‘ডিজিটাল বাংলাদেশের পথে—বিনিয়োগের সুযোগ’ শীর্ষক অধিবেশন। বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এই সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটসের জ্যেষ্ঠ উপদেষ্টা মিতুল দেশাই, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সচিব মো. নজরুল ইসলাম খান, ১৭ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইকেল হোন্ডা, সিটি অব সানিভেইল-ক্যালিফোর্নিয়ার মেয়র অ্যান্থনি স্পিতলেরি, ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির উদ্যোক্তা সজীব ওয়াজেদ, অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, টাই সিলিকন ভ্যালির প্রেসিডেন্ট ভেঙ্কটেশ শুক্লা, ইউএস-প্যান এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান আজিজ আহমদ, বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, জ্যেষ্ঠ সহসভাপতি ও সম্মেলনের আহ্বায়ক শামীম আহসান, মহাসচিব রাসেল টি আহমেদ, ইউএস-বাংলাদেশ পার্টনারসের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়েস মুই, ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার বক্তব্য দেন। বক্তারা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। তাঁরা সবাইকে বাংলাদেশের প্রযুক্তি খাতে বিনিয়োগ করার আহ্বান জানান। বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং-সুবিধা ছাড়াও সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। মার্কিন বিনিয়োগকারীরা মুঠোফোনের অ্যাপ্লিকেশন ও বাংলাদেশি বাজারের উপযোগী বিষয়বস্তু বা কনটেন্ট তৈরির ব্যবসায় আগ্রহ দেখান। এ ছাড়া এই সম্মেলনে বাংলাদেশে কলসেন্টার, আইটি পার্ক, ইন্টারনেট ইত্যাদি তথ্যপ্রযুক্তি অবকাঠামো নির্মাণে আগ্রহী বলে উল্লেখ করেন বিনিয়োগকারীরা। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের দুই শতাধিক তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, কূটনৈতিক ছাড়াও বাংলাদেশ থেকে ২৫ জন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা অংশ নেন। এ আয়োজনে অংশীদার ছিল অগ্রণী ব্যাংক লিমিটেড। সহযোগী অংশীদার ছিল ইউএস-প্যান এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্স, ইউএস-বাংলাদেশ পার্টনারস, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্টস ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।