দেশের বাজারে ইন্টেলের তিনটি নতুন প্রসেসর
বাংলাদেশের বাজারে এসেছে শীর্ষপ্রসেসর নির্মাতা ইন্টেলের নতুন তিনটি প্রসেসর। এগুলো হলো কোর আই ৭, কোর আই ৫ এবং কোর আই ৩। বাজারজাত করা উপলক্ষে গতকাল বুধবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ইন্টেলের দক্ষিণ এশিয়ার বিপণন ও বিক্রয় পরিচালক সন্দ্বীপ আরোরা। তিনি বলেন, ইন্টেল সব সময়ই প্রযুক্তি ব্যবহারকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে আসছে এবং বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা এ কথাই প্রমাণ করে। এরই ধারাবাহিকতায় প্রযুক্তি ব্যবহারকারীদের বিভিন্ন ক্ষেত্রে আরও দ্রুতগতির সেবা দেওয়ার লক্ষ্যে নতুন এই প্রসেসরগুলো বাজারে ছাড়া হয়েছে।নতুন প্রসেসরগুলোর নানা দিক নিয়ে কথা বলেন ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মঞ্জুর। তিনি বলেন, ইন্টেলের নতুন এ প্রসেসরগুলো আগের যেকোনো প্রসেসরের চেয়ে উচ্চগতির ও ক্ষমতাসম্পন্ন। এ প্রসেসরগুলো ব্যবহার করার ফলে কম্পিউটারে অনেক কাজ করা সত্ত্বেও এর গতি কমবে না। এ ছাড়া এ প্রসেসরগুলো উচ্চমানের গ্রফিকসের কাজ, দ্রুতগতিসম্পন্ন ভিডিও, ছবি ও মিউজিক ডাউনলোডের ক্ষেত্রে প্রচলিত প্রসেসরের তুলনায় দ্বিগুণ গতিসম্পন্ন। অনুষ্ঠানে আরও জানানো হয়, ইন্টেলের এসব প্রসেসর কম্পিউটারের প্রয়োজন অনুযায়ী তার কার্যক্ষমতা বাড়িয়ে দেবে, পাশাপাশি এই প্রসেসরগুলো অন্যান্য প্রসেসরের চেয়ে অনেক বেশি বিদ্যুত্সাশ্রয়ী। অনুষ্ঠানের একপর্যায়ে সংগীতের তালে তালে নতুন এ পণ্যগুলো প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টেলের কারিগরি ব্যবস্থাপক মধ্যস্থ রঘুবি। —মোছাব্বের হোসেন