দেশের বাজারে এল ই-স্ক্যান অ্যান্টিভাইরাস
দেশের বাজারে এল নতুন তথ্যপ্রযুক্তি নিরাপত্তা পণ্য ই-স্ক্যান। স্মার্টফোন, ডেস্কটপ, সার্ভার ইত্যাদির তথ্যের নিরাপত্তায় এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা যাবে। বুধবার ই-স্ক্যানের পরিবেশক ইউনিকন সলিউশন লিমিটেড এ অনুষ্ঠানে পণ্যটি বাজারে ছাড়ার ঘোষণা দেয়। অনুষ্ঠানে মাইক্রোওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা গোবিন্দ রামমূর্তি বলেন, ‘আশা করছি বাংলাদেশে আমরা ভালো করতে পারব।’
ই-স্ক্যানের জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট (বিপণন) শ্বেতা ঠাকরে বলেন, স্মার্টফোন, ট্যাবলেট, পামটপ এবং অন্যান্য যন্ত্রের জনপ্রিয়তার পাশাপাশি এসবের নিরাপত্তার বিষয়টি জরুরি হয়ে পড়েছে। এসব যন্ত্র সুরক্ষিত রাখার পাশাপাশি নানা প্রযুক্তিগত সহযোগিতাও দিচ্ছে ই-স্ক্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিকন সলিউশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন নাহারসহ অনেকে। অনুষ্ঠানে ‘ইউনিভার্সাল সিকিউরিটি স্যুট (ইউএসএস)’ নামের নিরাপত্তা পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।