দেশের বাজারে এল ক্যাসপারস্কি-২০১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে ক্যাসপারস্কি ল্যাব-২০১৩ সংস্করণের অ্যান্টি-ভাইরাস ও ইন্টারনেট নিরাপত্তা সফটওয়্যারগুলো দেশের বাজারে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার পর চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশে এই সংস্করণটি অবমুক্ত করা হলো। পাশাপাশি মালয়েশিয়ায় তৈরি অভ্যন্তরীণ অ্যান্টি-ভাইরাসসহ পেনড্রাইভ বাংলাদেশে বাজারজাত করবে ক্যাসপারস্কি। গত মঙ্গলবার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে ক্যাসপারস্কি ২০১৩ অবমুক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজুল্লাহ খান, মহাসচিব শাহিদ-উল-মুনীর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, বাংলাদেশে ও ভুটানে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিস এক্সট্র্যাক্টসের প্রধান নির্বাহী প্রবীর সরকারসহ অনেকে।নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩, ক্যাসপারস্কি পিওর ২.০ ও টেক-টাইটান পেনড্রাইভ। আট গিগাবাইটের এই পেনড্রাইভটিতে প্রতিবছর অ্যান্টি-ভাইরাস নিবন্ধন করা যাবে এবং থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি সুবিধা। প্রবীর সরকার বলেন, ‘ক্যাসপারস্কি ল্যাবের নতুন এ নিরাপত্তা পণ্যগুলো কারিগরি ও উদ্ভাবন ক্ষমতায় অনেক বেশি শক্তিশালী ও উন্নতমানের। অনলাইন ব্যাংকিংসহ তথ্যপ্রযুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে এগুলো তৈরি হয়েছে।’ অনুষ্ঠানে ক্যাসপারস্কি ল্যাবের প্রায় ৪০০ সহযোগী অংশ নেন। তাঁদের মধ্য থেকে বিক্রয় ও সার্ভিস বিভাগে সাতটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। —জিয়াউর রহমান চৌধুরী