দেশের বাজারে এল সবচেয়ে পাতলা ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রযুক্তিবাজারে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ কম্পিউটার ছাড়ল এইচপি। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এ ঘোষণা দেন বাংলাদেশে এইচপির কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া। একই সঙ্গে আরও চারটি নতুন ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দেন তিনি।

বাজারে আসা পাঁচটি ল্যাপটপ হলো এইচপি স্পেক্টর ১৩, স্পেক্টর এক্স৩৬০, এনভি, প্যাভিলিয়ন ও এইচডি প্যাভিলিয়ন। এর মধ্যে এইচপি স্পেক্টর ১৩ বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ বলে জানান এইচপি এশিয়া ইমার্জিং কান্ট্রিজের নোটবুক বিভাগের ব্যবস্থাপক সামান্তা গৌ। তিনি বলেন, গ্রাহকেরা এখন ঝুঁকছেন পাতলা ল্যাপটপের দিকে। তাঁদের কথা বিবেচনা করেই এ ধরনের ল্যাপটপ তৈরি করা হয়েছে।

১০ দশমিক ৪ মিলিমিটার পুরু এইচপি স্পেক্টর ১৩-এ রয়েছে ১৩ ইঞ্চির মনিটর পর্দা। এর ওজন ১ কেজি ১১০ গ্রাম। এতে আছে ইন্টেল কোর আই ফাইভ বা আই সেভেন প্রসেসর, ৫১২ গিগাবাইট এসএসডি এবং ৮ গিগাবাইট র‍্যাম। এর হাইব্রিড ব্যাটারি চলে টানা ৯ ঘণ্টা। আর ১৩ দশমিক ৩ এবং ১৫ দশমিক ৬ ইঞ্চির এইচপি স্পেক্টর এক্স ৩৬০-এর ব্যাটারি চলবে সাড়ে ১২ ঘণ্টা। কোর আই সেভেন প্রসেসর, ৫১২ গিগাবাইট এসএসডি এবং ১৬ গিগাবাইট র‍্যামে রয়েছে এইচপি এনভি ল্যাপটপে। এর পর্দা ১৫ দশমিক ৬ ইঞ্চি। আর প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপে রয়েছে কোর আই ৭ প্রসেসর ও গ্রাফিকস কার্ড, ৫১২ গিগাবাইট এসএসডি।

এই পাঁচটি ল্যাপটপের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০।

এস এম নজিবুল্লাহ চৌধুরী