দেশের বাজারে কোর আই সেভেন প্রসেসরের ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে অন্ধকার, গা ছমছম করা পরিবেশ। বিকট একটি শব্দে নেমে এল তিনটি ভিনগ্রহের মানুষ। একটু পরেই তাদের তাড়া করতে এল কমান্ডো বহিনী। এ যাত্রায় ভিনগ্রহের মানুষদের গুলি করতে পারলেও তাদের কাবু করতে পারল না কমান্ডো দল। উল্টো পরাজিত হয়ে গেল। ভিনগ্রহের মানুষ তাদের শাস্তি দেওয়ার বদলে একটি কম্পিউটারের সামনে নিয়ে গেল। পরিচয় করিয়ে দিল নতুন এক কম্পিউটারের সঙ্গে। এভাবেই বাংলাদেশের বাজারে এল এলিয়ানওয়্যার সিরিজের ল্যাপটপ কম্পিউটার। কম্পিউটার গেমের জন্য বিশ্বজুড়ে খ্যাতি আছে ডেলের তৈরি এই কম্পিউটারের। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দেয় কম্পিউটার সোর্স। অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ বলেন, অ্যালিয়েনওয়্যার ল্যাপটপগুলো গেমারদের কাছে বেশ জনপ্রিয়। এগুলোতে আছে ইন্টেলের কোর আই সেভেন প্রসেসর। এছাড়া সাতটি কুলিং ফ্যান ও একটি ছোট ট্রান্সফরমার থাকছে, ফলে এই কম্পিউটারে গেমাররা সর্বোচ্চ সুবিধা পাবেন। ইন্টেল বাংলাদেশের কন্ট্রি ম্যানেজার জিয়া মঞ্জুর বলেন, এই ল্যাপটপে ইন্টেলের সর্বোচ্চ গতির প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এটিআই রেডিয়ন কার্ড থাকায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের কাজও করা যাবে।অনুষ্ঠানে ডেল বাংলাদেশের এন্টারপ্রাইজ ব্যবস্থাপক ফাইয়াজ আহমেদ বক্তৃতা করেন। শিগগিরই বাজারে তিনটি মডেলের এই ল্যাপটপ পাওয়া যাবে। —মোছাব্বের হোসেন