দেশের বাজারে ক্যাস্পারস্কি ২০১১
অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাস্পারস্কির নতুন সংস্করণ বাংলাদেশের বাজারে ছাড়া হয়েছে। গত রোববার রাতে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘টুয়ার্ডস অ্যা সেফ ডিজিটাল বাংলাদেশ’ শিরোনামের অনুষ্ঠানে ক্যাস্পারস্কি ২০১১ নামের নতুন অ্যান্টিভাইরাস ও নিরাপত্তাব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়েন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এ সময় তিনি বলেন, শুধু ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কথা বললেই হবে না। একে ভালোভাবে নিরাপত্তা দিতে হবে। ডিজিটাল বাংলাদেশে নিরাপত্তা দেওয়ার জন্য ক্যাস্পারস্কির মতো সফটওয়্যার অনেক বড় ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন। এ আয়োজনে ঢাকায় রাশিয়ার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এম জাবিতভ বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। রাশিয়ার পক্ষ থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে ক্যাস্পারস্কির ল্যাবের দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সুক লিং গান ক্যাস্পারস্কি ২০১১-এর মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে ক্যাস্পারস্কির পরিবেশক অফিসএক্সট্র্যাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার উপস্থিত ছিলেন। একই দিন ঢাকার আইডিবি ভবনে চ্যানেল পার্টনার ও ব্যবহারকারীদের জন্য ক্যাস্পারস্কি ল্যাব ২০১১ সফটওয়্যারের নতুন সুবিধাগুলো নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। —তারিকুর রহমান খান