দেশের বাজারে ট্রানসেন্ডের ১০ বছর
তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান ট্রানসেন্ড ইনফরমেশন বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রমের ১০ বছর পার করেছে। ২০০৪ সাল থেকে ট্রানসেন্ড ইনফরমেশন দেশের প্রযুক্তি বাজারে তাদের বিপণন কার্যক্রম শুরু করে। এ উপলক্ষে ট্রানসেন্ড বাংলাদেশের পরিবেশক ইউনাইটেড কম্পিউটার সেন্টার (ইউসিসি) সোমবার রাতে ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ট্রানসেন্ড ইনফরমেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের অ্যাকাউন্ট ম্যানেজার নিক চৌ বলেন, ‘প্রতিবছরই আমরা বাংলাদেশের প্রযুক্তি বাজারে নতুন পণ্য ছাড়ি। ট্রানসেন্ড ৩৬ বছর বয়সী একটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান। আমাদের উৎপাদন যেমন বেশি, তেমনি বিপণনের ক্ষেত্রেও আমরা সবচেয়ে ভালো মানের পণ্যের নিশ্চয়তা দিচ্ছি।’
এ সময় নিক চৌ ‘ড্রাইভপ্রো ২০০’ মডেলের একটি কার ড্রাইভ রেকর্ডারের মোড়ক উন্মোচন করেন। যন্ত্রটি চলতি অবস্থায় ১৬০ ডিগ্রি কোণে ঘুরে ভিডিওচিত্র ধারণ করতে পারবে। ভিডিও করা যাবে দিনে ও রাতে। এর সঙ্গে আছে ৮, ১৬ বা ৩২ গিগাবাইট মেমরি। আরও আছে তারহীন ওয়াই-ফাই সংযোগ। নতুন এই কার ভিডিও রেকর্ডারটির দাম সাড়ে ১৩ হাজার থেকে ১৪ হাজার টাকা।
ইউসিসির প্রধান নির্বাহী সরোয়ার মাহমুদ বলেন, দেশের বর্তমান বাজারে ট্রানসেন্ডের ফ্ল্যাশ ড্রাইভের অংশীদারি আছে প্রায় ৬০ শতাংশ এবং বহনযোগ্য হার্ডড্রাইভের ক্ষেত্রে ৭০ শতাংশ।
—মো. রাফাত জামিল