দেশের বাজারে ডি-লিংকের নতুন পণ্য
কম্পিউটার নেটওয়ার্কিং পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডি-লিংক নতুন মডেলের রাউটার, স্টোরেজ, আইপি সারভেলেন্স ক্যামেরা ও স্মার্ট নেটওয়ার্কিং সুইচ বাংলাদেশের বাজারে এনেছে। বাড়তি সুবিধা হিসেবে নতুন এ রাউটারে থাকছে শক্তিশালী নেটওয়ার্কসহ অনলাইনে ছবি দেখার সুবিধা, আইপি সারভাইলেন্স ক্যামেরায় বিশ্বের যেকোনো প্রান্তে বসে সরাসরি ছবি বা ভিডিও দেখার সুবিধা এবং স্মার্ট নেটওয়ার্কিং সুইচে থাকছে ২৪ গিগাবোর্ড ও চারটি ফাইবার বোর্ডের সুবিধা। নতুন এ পণ্যের মোড়ক উন্মোচন উপলক্ষে গত সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড ও ডি-লিংকের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে ২০১০ সালের ডি-লিংকের শীর্ষ গ্রাহকদের মধ্যে ক্রেস্টও বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্পেকট্রামের উপব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান। এ ছাড়া আরও বক্তব্য দেন স্পেকট্রামের ব্যবস্থাপনা পরিচালক ফোরকান বিন কাসেম, ডি-লিংকের ভাইস প্রেসিডেন্ট রাজ যাদব, আঞ্চলিক প্রধান সঞ্জয় যোশী ও সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়) সংকেত কুলকার্নি। —হাসান ইমাম