দেশের বাজারে নতুন কিছু স্মার্টফোন
এবারের ঈদে স্মার্টফোনের বাজার ছিল জমজমাট। বাজারে ক্রেতারা নতুন স্মার্টফোন বেশি খুঁজছেন। ভালো ফিচারের স্মার্টফোন তাঁদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। সম্প্রতি বাজারে আসা কয়েকটি ব্র্যান্ডের স্মার্টফোনের তথ্য তুলে ধরা হলো :

হেলিও এস ২
৭ সেপ্টেম্বর এডিসন গ্রুপ বাজারে এনেছে হেলিও এস ২ স্মার্টফোন। এডিসন গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) জাহিদুল ইসলাম বলেন, হেলিও এস ২-এর নকশা, পারফরম্যান্স, ক্যামেরা—সবকিছু মিলিয়ে এটি একটি চমৎকার স্মার্টফোন। ৮ দশমিক ১৫ মিলিমিটার পুরু স্মার্টফোনটিতে সাড়ে পাঁচ ইঞ্চি পর্দা, পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ১ দশমিক ৩ গিগাহার্টজ প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম, ৩ হাজার ১৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি এবং ৩২ গিগাবাইট মেমোরি আছে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো। ফোরজি নেটওয়ার্কেও চলবে এটি। হেলিও এস ২-এর এক্সট্রিম পাওয়ার সেভিং মোড ব্যবহারে পাওয়া যাবে ৩০০ ঘণ্টার বেশি ব্যাটারি ব্যাকআপ। এর দাম ১৫ হাজার ৯৯০ টাকা।

জেডএক্স২ লাইট
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ‘জেডএক্স ২ লাইট’ নামের একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। তাদের দাবি, ফোনটির নিরাপত্তা ফিচার হিসেবে এই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ওয়ালটনের ‘জেডএক্স ২’ স্মার্টফোনটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই মডেলেরই উন্নত সংস্করণ ‘জেডএক্স ২ লাইট’ স্মার্টফোনটি। ফোনটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ৫০২০ এমএএইচ ব্যাটারি। ধাতব কাঠামোর ফোনটিকে ফ্যাবলেটও বলা যায়। কারণ, এর স্ক্রিনের মাপ ৬ ইঞ্চি। জেডএক্স২ লাইট স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেকের ১ দশমিক ৩ গিগাহার্টজ অক্টা-কোর ৬৪-বিট প্রসেসর। এর র্যাম ৩ জিবি। ইন্টারনাল মেমোরি রয়েছে ৬৪ জিবি। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ললিপপ ৫ দশমিক ১ সংস্করণ। ফোনটির পেছনে ১৬ ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটির দাম ২৭ হাজার ৯০০ টাকা।

এফ১এস (সেলফি)
আগস্ট মাসে এফ ১এস মডেলের সেলফির জন্য বিশেষায়িত স্মার্টফোন বাজারে এনেছে অপো । অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নেভি ওয়াই বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি বাজার। বাংলাদেশে চলমান সেলফি উন্মাদনায় ভাসতে গ্রাহকেরা খুঁজছেন চমৎকার ফ্রন্ট ক্যামেরাসহ একটি স্মার্টফোন।’ ফোনটি অপোর এফ১-এর উন্নত সংস্করণ। এর সামনের ১৬ মেগা পিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটিতে আরও আছে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি, সাড়ে পাঁচ ইঞ্চি পর্দা, ৩ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট স্টোরেজ। এর দাম ২৩ হাজার ৯০০ টাকা।

পি৯
এ বছরের জুন মাসে বাজারে আসে হুয়াওয়ে পি৯। স্মার্টফোনটিতে বিশ্বের জনপ্রিয় লাইকা ক্যামেরা প্রযুক্তি আছে। ২ দশমিক ৫ডি গ্লাস, অ্যারোস্পেইস অ্যালুমিনিয়াম বডি এবং ডায়মন্ড কাট এজ রাউন্ডেড নকশা ব্যবহার করা হয়েছে এতে। ৬৪ গিগাবাইট রমের পি৯-এ পাওয়া যাবে হেজ গোল্ড ফিনিশ, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ডিজাইন, বার্শড হেয়ারলাইন্স এবং মেটাল পলিশিং কারিগরি। হুয়াওয়ে পি৯–এর দাম ৪৭ হাজার ৯৯০ টাকা।

ই৩০
ম্যাঙ্গো মোবাইল আগস্ট মাসে বাজারে ছাড়ে ই-৩০ ফ্ল্যাগশিপ ফোন। এতে অক্টা কোর প্রসেসর রয়েছে। ৫ ইঞ্চি মাপের ফোনটিতে ৩ গিগাবাইট র্যাম পেছনে ১৩ ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ। এতে আরও রয়েছে ২ হাজার ২০০ এমএএইচ ব্যাটারি। দাম ১৪ হাজার ৪৯০ টাকা।

গ্যালাক্সি জে২ (২০১৬)
জুলাই মাসে দেশের বাজারে গ্যালাক্সি জে সিরিজে জে২ ২০১৬ সংস্করণটি উন্মুক্ত করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। নতুন এই স্মার্টফোনটিতে ফিচার হিসেবে যুক্ত হয়েছে টারবো স্পিড প্রযুক্তি (টিএসটি) ও স্মার্ট গ্লো। টারবো স্পিড প্রযুক্তিটি (টিএসটি) দ্রুতগতিতে অ্যাপ লোড করে ও স্মার্ট গ্লো হচ্ছে কাস্টমাইজ্যাবল কালার এলইডি নোটিফিকেশন পদ্ধতি। এতে আছে এস বাইক মোড ও আল্ট্রা ডেটা সেভিং মোড। ফোনটির দাম ১৩ হাজার ৪৯০ টাকা।

জেনফোন ম্যাক্স
সম্প্রতি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির জেনফোন ম্যাক্স (জেড সি ৫৫০ কে এল) মডেলের স্মার্টফোন বাজারে এনেছে আসুস। এই স্মার্টফোনে সাড়ে ৫ ইঞ্চি পর্দা, কোয়াডকোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ এবং পেছনে ১৩ ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা আছে। পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে এটি। দাম ১৬ হাজার ২৯০ টাকা।

ভি২
উই ব্র্যান্ডের ভি২ মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে আমরা টেকনোলজিস। ভি২ স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, পেছনে ৮ ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ২ জিবি র্যাম, ৫০ জিবি ক্লাউড স্টোরেজ ও ২ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ভি২–এর দাম ৮ হাজার ৫৯০ টাকা।