দেশের বাজারে নতুন দুই উইন্ডোজ ফোন
দেশের বাজারে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল নামের দুটি হাই এন্ডের স্মার্টফোন ছেড়েছে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড। রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে এই ফোন দুটি বিপণনের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।
মাইক্রোসফটের মোবাইল ডিভাইসেস সেলস, ইমার্জিং এশিয়ার জেনারেল ম্যানেজার সন্দীপ গুপ্তা প্রথম আলোকে বলেন, মাইক্রোসফট দেশের বাজারে উইন্ডোজ ১০ চালিত হাই এন্ডের দুটি স্মার্টফোন বিপণন শুরু করেছে। বাজারে উইন্ডোজ ১০ দিয়ে বিভিন্ন ধরনের স্মার্টফোন থাকলেও হাই এন্ডের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোন উন্মুক্ত করা হয়েছে। লুমিয়া ৯৫০ স্মার্টফোনটির দাম হতে পারে ৫৬ হাজার টাকা আর ৯৫০ এক্সএল স্মার্টফোনটির দাম হতে পারে ৬৪ হাজার টাকা। ১৮ ডিসেম্বর থেকে বাজারে এ ফোন পাওয়া যাবে।
সন্দীপ গুপ্তা বলেন, যেসব ক্রেতা সবচেয়ে কার্যকর স্মার্টফোন পেতে চান তাঁদের কথা ভেবেই লুমিয়ার দুটি হাই এন্ডের স্মার্টফোনের নকশা করা হয়েছে। এখন মানুষ এমন প্রিমিয়াম ফোন চায় যা দিয়ে পিসির মতো কাজ করা সম্ভব। সে চাহিদার কথা মাথায় রেখে লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল হ্যান্ডসেট আনা হয়েছে। এতে আছে মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম যা হালনাগাদ সুবিধাযুক্ত। বাড়িতে কিংবা অফিসে কিংবা যাত্রাপথে এই স্মার্টফোন দারুণ সুবিধা দিতে সক্ষম।

লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএল
উইন্ডোজ ১০ চালিত ফোন দুটিতে রয়েছে বিল্ট ইন অফিস সফটওয়্যার। এতে ওয়ান ড্রাইভ ও ক্লাউড স্টোরেজ সুবিধা আছে। উইন্ডোজ ১০ এর অ্যাপস এ ফোন সমর্থন করে। এই ফোন ব্যক্তিগত পিসি হিসেবেও ব্যবহার করা যায়। ফোনের সঙ্গে মনিটরের সংযোগ করে বড় পর্দায় কাজ করা যায়। এ ছাড়াও মাউস ও কীবোর্ড যুক্ত করা যায়। স্মার্টফোন দুটিতে কোয়াড এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।
এক নজরে লুমিয়া ৯৫০
ওএস: উইন্ডোজ ১০
কাঠামো: পলিকার্বনেট কেসিং, রঙ সাদা ও কালো, পাওয়ার, ভলিউম ও ক্যামেরা বাটন।
স্ক্রিন: ৫ দশমিক ২ ইঞ্চি কোয়াড এইচডি অ্যামোলেড ডিসপ্লে
স্টোরেজ: ৩২ জিবি, ওয়ান ড্রাইভ স্টোরেজ
সিপিইউ: ৬৪ বিট, হেক্সাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসর।
নেটওয়ার্ক: ব্লুটুথ ৪.১, ওয়াই-ফাই
ব্যাটারি: ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার
ক্যামেরা: পেছনে ২০ ও সামনে ৫ মেগাপিক্সেল।
পোর্ট: ইউএসবি সি
ওয়ারেন্টি: ১ বছর হার্ডওয়্যার ওয়ারেন্টি
দাম: ৫৬ হাজার টাকা
এক নজরে লুমিয়া ৯৫০ এক্সএল
ওএস: উইন্ডোজ ১০
কাঠামো: পলিকার্বনেট কেসিং, রঙ সাদা ও কালো, পাওয়ার, ভলিউম ও ক্যামেরা বাটন।
স্ক্রিন: ৫ দশমিক ৭ ইঞ্চি কোয়াড এইচডি অ্যামোলেড ডিসপ্লে
স্টোরেজ: ৩২ জিবি, ওয়ান ড্রাইভ স্টোরেজ
সিপিইউ: ৬৪ বিট, অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর।
নেটওয়ার্ক: ব্লুটুথ ৪.১, ওয়াই-ফাই
ব্যাটারি: ৩ হাজার ৩৪০ মিলিঅ্যাম্পিয়ার
ক্যামেরা: পেছনে ২০ ও সামনে ৫ মেগাপিক্সেল।
পোর্ট: ইউএসবি সি
ওয়ারেন্টি: ১ বছর হার্ডওয়্যার ওয়ারেন্টি
দাম: ৬৪ হাজার টাকা