দেশের সব গ্রামে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার শপথ নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) কার্যনির্বাহী পরিষদ। ১৬ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনের ‘অভিষেক অনুষ্ঠান’-এ এই শপথ নেয় তারা।
গত বছরের ১১ ডিসেম্বর আইএসপিএবির ২০২১-২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ইমদাদুল হককে সভাপতি ও নাজমুল করিম ভূঁঞাকে মহাসচিব করে সংগঠনটির ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। ‘অভিষেক অনুষ্ঠান’-এর মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর দেশ গড়ে তোলার জন্য ইন্টারনেটের বিকল্প নেই। সারা দেশে যত দ্রুত ইন্টারনেট পৌঁছাবে, তত দ্রুত দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। সাধারণ মানুষের হাতের নাগালে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে হলে ইন্টারনেটের দাম কমাতে হবে। ইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করে যাচ্ছে। দ্রুতগতির ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যেসব প্রতিবন্ধকতা আছে, তা দূর করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আইএসপিএবির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্যও পাঠ করান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘আমাদের তরুণেরা অনেক মেধাবী। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ ও ক্ষেত্র তৈরি করতে না পারলে মেধার যথাযথ বিকাশ ঘটবে না। সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের যোগ্যতা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আইএসপিএবির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন, চর এবং পাহাড়ি এলাকায় ঘরে ঘরে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। আইএসপি–শিল্পের সাফল্য ও প্রতিবন্ধকতা তুলে ধরার পাশাপাশি অবৈধ আইএসপির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ইন্টারনেটের ওপর ভ্যাট প্রত্যাহারের পাশাপাশি আইএসপি প্রতিষ্ঠানগুলোকে আইটিইএস খাতের অন্তর্ভুক্ত করারও দাবি জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংসদ নজরুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।