দেশের সব চিনিকলে চালু হলো ডিজিটাল পুর্জি ব্যবস্থাপনা
দেশের চিনিকলগুলোতে আখচাষিদের কাছ থেকে আখ কেনার অনুমতিপত্র পেতে যে দীর্ঘসূত্রতা ছিল, তা কমাতে তথ্যপ্রযুক্তি-নির্ভর পুর্জি ব্যবস্থাপনা ই-পুর্জি চালু হয়েছে। গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয় থেকে দেশের ১৫টি চিনিকলে একযোগে ডিজিটাল পুর্জি ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।ই-পুর্জি উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী ওয়াদা ছিল ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। ইতিমধ্যে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি।’ তিনি বলেন, আগে আখচাষিদের পুর্জি পেতে তিন দিনের বেশি সময় লাগত। আর এখন থেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কৃষকেরা পুর্জির তথ্য পাবেন। অনুষ্ঠানে ভিডিও সম্মেলনের মাধ্যমে তিনি কয়েকজন আখচাষীর সঙ্গেও কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর প্রশাসন ও সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সাংসদ, কৃষিবিদ খাদ্য ও চিনিশিল্প করপোরেশনের কর্মকর্তা ও আখচাষিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, গত বছর ই-পুর্জি প্রথমে পাইলট আকারে চালু করা হয়েছিল, যা এ বছর ভারতের মন্থন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। এটুআই প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান বলেন, ‘রূপকল্প-২০২১ আমাদের মধ্যে এই বিশ্বাস স্থাপন করেছে যে সব নাগরিক সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ। ডিজিটাল পুর্জি তারই উদহারণ।’ ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিজনার বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ইউএনডিপি সব সময় পাশে আছে। ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করা এবং জাতীয় জনসংখ্যা তথ্যভান্ডার বাস্তবায়নে আমরা সরকারকে সহযোগিতা করব।’পুর্জি হচ্ছে আখচাষিদের কাছ থেকে আখ কেনার অনুমতিপত্র। আখ মাড়াই কার্যক্রম শুরু হলে চিনিকল কর্তৃপক্ষ একটি নির্ধারিত কর্মসূচি অনুসারে আখচাষিদের পুর্জি পাঠায়। চিনিকল থেকে পুর্জি ইস্যু হওয়ার তিন দিনের মধ্যে আখচাষিকে নির্দিষ্ট পরিমাণ আখ চিনিকলের বিভিন্ন আখ ক্রয়কেন্দ্রে সরবরাহ করতে হয়। সনাতন পদ্ধতিতে কাগজে লেখা পুর্জি পেতে আখচাষিদের অনেক দেরি হয়। ই-পুর্জি চালু হওয়ার ফলে পুর্জি ইস্যু হওয়া মাত্র চিনিকলের সফটওয়্যারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তা মুঠোফোনে এসএমএস আকারে চলে যাবে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগাম গত বছর ফরিদপুর এবং মোবারকগঞ্জ চিনিকলে পাইলট আকারে ই-পুর্জি বাস্তবায়ন করে। পাইলট প্রকল্পের সাফল্যের পর এ বছর বাকি ১৩টি চিনিকলে ই-পুর্জি ব্যবস্থাপনা সফল করার জন্য চিনিকলে আখচাষিদের জন্য কর্মশালা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চিনিকলগুলোতে দরকারি হার্ডওয়্যার-সফটওয়্যার বসানো হয়েছে। এ ব্যবস্থায় শুধু পুর্জি নয়, সব তথ্য দ্রুত পৌঁছে দেবে আখচাষিদের কাছে। —নিজস্ব প্রতিবেদক