দেশের সব মন্ত্রণালয়ের জন্য অ্যাপস আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপস
অ্যাপস

দেশের সব মন্ত্রণালয়ের জন্য প্রয়োজনীয় অ্যাপস তৈরি হচ্ছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে স্মার্টফোনের সাহায্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সেবাগুলো অ্যাপসের মাধ্যমে পাওয়া যাবে। মন্ত্রণালয়গুলোর জন্য অ্যাপস তৈরিতে কাজ করছে অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি। এমসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ধারণা সংগ্রহ চলছে। এর পরই চূড়ান্ত অ্যাপ্লিকেশন নির্মাণের কাজ শুরু হবে।

এমসিসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মাহদী হাসান জানিয়েছেন, দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে অ্যাপ্লিকেশনের চাহিদা। সম্প্রতি জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির কর্মসূচি নিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। এ কর্মসূচির আওতায় আগামী এক বছরে দেশের সব মন্ত্রণালয়ের জন্য অ্যাপ্লিকেশন নির্মাণ করা হবে। এ ছাড়াও অ্যাপ্লিকেশন তৈরিতে তরুণদের দক্ষতা বাড়াতে এবং অ্যাপ্লিকেশন-বিষয়ক সচেতনতা তৈরিতেও কাজ করা হবে।

কর্মসূচি পরিচালনার জন্য গত রোববার আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের (এমসিসি) সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। কর্মসূচি চলবে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত।

মন্ত্রণালয়গুলোর অ্যাপ্লিকেশন তৈরির ফলে বিভিন্ন মন্ত্রণালয়ের বিস্তারিত তথ্য ও সেবা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারের সুযোগ তৈরি হবে। এ ছাড়াও স্মার্ট গভর্নেন্স তৈরিতে এক ধাপ অগ্রগতি হবে বলেও মনে করছে অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠানটি।