দেশের ৩৪ শতাংশ মানুষ মোবাইল ফোনে টাকা লেনদেন করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রায় ৩৪ শতাংশ মানুষ এখন মোবাইল ফোনের মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন। এরিকসন কনজ্যুমার ল্যাবের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা, ইন্দোনেশিয়ার ৫৪ শতাংশ ও ভিয়েতনামে ৪৫ শতাংশ মানুষ মোবাইল ফোন লেনদেনের কাজটি করেন। অর্থাৎ এই তিন দেশে মোবাইল বা এম-কমার্সের প্রসার ঘটছে। গতকাল রোববার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে এরিকসন কনজ্যুমার ল্যাবের জ্যেষ্ঠ উপদেষ্টা প্যাট্রিক হেডল্যান্ড বলেন, ‘যখন পরিবারের কিছু সদস্য শহরে চলে যান এবং পরিবারের অনেকেই গ্রামে কিংবা আশপাশে থাকে, তখন তাঁরা শহরে থাকা মানুষদের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল থাকেন। উন্নয়নশীল দেশগুলোতে যেখানে আয় অনেক কম, সেখানে দ্রুত টাকা পাঠানো এবং পাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়।’ তিনি জানান, এখনো একটা বড় অংশ ক্যাশ ইকোনমি বা দৈনিক লেনদেনের জন্য নগদ অর্থ ব্যবহার করে।
এরিকসন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজ বলেন, ‘বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে আমাদের এ গবেষণা পরিচালিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে অগ্রসরমাণ অর্থনীতির দেশ হলো ইন্দোনেশিয়া। বাংলাদেশের ৯৭ শতাংশ মানুষ এই সেবাগুলোর প্রতি আগ্রহ দেখিয়েছে।’ প্রতিটি দেশে বিভিন্ন বয়স, শ্রেণি, পেশা, অঞ্চলভিত্তিক দুই হাজার করে মানুষের ওপর এ জরিপ করা হয়েছে।
ঠিক কত ভাগ মানুষ নিজের মোবাইল ফোন ব্যবহার করে আর্থিক লেনদেন করছে, এ বিষয়টা দেখতে গিয়ে দেখা গেছে, খুবই কমসংখ্যক মানুষ সেটা করছে। বাংলাদেশে ৪ এবং ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে মাত্র ১ শতাংশ। নিরাপত্তা ও সুবিধাগুলোই টাকাহীন লেনদেন এবং এম-কমার্স সেবাগুলোকে দ্রুত গ্রহণ করতে উৎসাহিত করছে। এরিকসন কনজ্যুমার ল্যাবের গবেষণা প্রতিবেদনে উঠতি বা উন্নয়নশীল এশিয়ার দেশগুলোতে এম-কমার্স সেবা ব্যাপক হারে ছড়িয়ে পড়ার ইঙ্গিত রয়েছে। বিভিন্ন পরিষেবার বিল প্রদানের ক্ষেত্রেও এম-কমার্স বেশ জনপ্রিয়। বাংলাদেশের ৭৮ এবং ইন্দোনেশিয়ার ৭৫ শতাংশ মানুষ বিল প্রদানের ক্ষেত্রে মোবাইল পেমেন্ট ব্যবহার করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এরিকসন কনজ্যুমার ল্যাবের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান আফরিজাল আবদুল রহিম, ভাইস প্রেসিডেন্ট রবি রাশেদ, এয়ারটেলের ভাইস প্রেসিডেন্ট আল বাতুনি।