দৈনন্দিন রাগচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনন্দিন রাগচর্চা
দৈনন্দিন রাগচর্চা

সংগীতে অনেক রকম রাগ আছে। সেসব মন মাতানো সুরেলা রাগ সংগীতজ্ঞ ও পণ্ডিতদের দখলে, তাঁরা নিয়মিত চর্চা করেন। কিন্তু আমরা যারা হেঁড়ে গলার মানুষ, সুর বলে কিছুই নেই কণ্ঠে, আমাদেরও দিনে নিদেনপক্ষে কয়েকবার রাগচর্চা করতে হয়।

রাগ ভৈরবী
অফিসের তাড়নায় খুব ভোরে ঘুম থেকে উঠে টয়লেটে গিয়ে যখন দেখবেন ট্যাপে পানি নেই, তখন যে রাগটা হবে, ওটার নাম রাগ ভৈরবী। এ ছাড়া ভোরে আরও অনেক কারণে রাগ ভৈরবী চর্চা করতে পারেন। রুটি গোল না হওয়া, ডিম পোচে কুসুম ভেঙে যাওয়া ইত্যাদি অন্যতম কারণ।

রাগ মধ্যাহ্ন
সূর্য যখন মধ্যগগনে তেতে থাকে, তখন কার না রাগ হয়? ওটাই রাগ মধ্যাহ্ন। এ ছাড়া এই সময় অফিসে যাওয়ার পথে বাসে চাপাচাপিতে যে রাগচর্চা হয়, সেটাও রাগ মধ্যাহ্ন।

রাগ অপরাহ্ন
বিকেলের দিকে সাধারণত রাগ অপরাহ্নচর্চা হয়। বিশেষ করে সারা দিন কাজ করার পর যখন বস এসে বলবেন, ‘কিছুই হয়নি’, তখন আসলেই খুব রাগ লাগে!

রাগ রজনী
সারা দিন অক্লান্ত পরিশ্রম আর সকাল থেকে রাগচর্চা সেরে রাতে বাসায় ফিরে দেখলেন, কিছুই রান্না হয়নি। বউ বসে বসে সিরিয়াল দেখছে। জিজ্ঞেস করতেই বলল, ‘পারব না, রেঁধে খাও।’ স্বাভাবিকভাবেই তখন আপনার যে রাগচর্চাটা করতে ইচ্ছা করবে, ওটার নাম রাগ রজনী।

রাগ গোধূলি
সারা দিন অমানুষিক পরিশ্রম করে অফিসের সব কাজ প্রায় গুছিয়ে ফেলেছেন। কারণ, একটু পরেই ‘ওর’ সঙ্গে দেখা করবেন। কিন্তু তখনই বেরসিক বস নতুন একটা ব্রিফ নিয়ে হাজির। তখন যে রাগচর্চাটা হবে, ওটার নাম রাগ গোধূলি!

রাগ মাঝরাত্রি
মোটামুটি দিনের সব রাগচর্চা শেষ করে ক্লান্তিতে ঘুমিয়ে গেছেন, ভুলে গেছেন মশারি খাটাতেও। এরপর মাঝরাতে যখন দেখবেন কোনো কারণে সিলিং ফ্যানটা আর ঘুরছে না, মশারি না থাকার সুযোগটা উপর্যুপরি কাজে লাগাচ্ছে মশা। কানের কাছে মশার সংগীতচর্চায় ঘুম ভাঙার পর যে রাগ হবে—ওটাই রাগ মাঝরাত্রি।