দোহাটেকে চালু হলো ই-সাইন সুবিধা
ডিজিটাল সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সরকারি স্বীকৃতি পেল সফটওয়্যার প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া। দোহাটেকসহ ছয়টি সফটওয়্যার প্রতিষ্ঠান এখন পর্যন্ত এ স্বীকৃতি পেল। এ উপলক্ষে গত মঙ্গলবার দোহাটেক কার্যালয়ে এক সেমিনারের আয়োজন করে। ই-সাইন নামের ডিজিটাল সার্টিফিকেট খুব শিগগিরই অনলাইনে তৈরি করতে পারবে বলে জানানো হয়। সেমিনারে উপস্থিত ছিলেন দোহাটেক নিউমিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আবদুল হামিদ, দোহাটেক মিডিয়ার প্রধান নির্বাহী নাজমুল হুদাসহ অনেকে।সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত দেশে ডিজিটাল সার্টিফিকেট ধারণাটা পরিচিত হলেও আমাদের দেশে একেবারই নতুন। ডিজিটাল সার্টিফিকেট হলো কোনো কোম্পানি বা ব্যক্তির ভার্চুয়াল বৈধতা। যেখানে কোম্পানি বা ব্যক্তির দুটি নির্দিষ্ট কি থাকে। একটি হলো প্রাইভেট কি এবং অন্যটি পাবলিক কি। এ সার্টিফিকেটে কোম্পানি বা ব্যক্তির একটি নির্দিষ্ট কোড নম্বর থাকে, যেটা ডিজিটাল সাইন নামে পরিচিত। ডিজিটাল সাইন ব্যবহার করে বিভিন্ন কোম্পানি অতিসহজে লেনদেন সম্পন্ন করতে পারে। ই-কমার্সের ক্ষেত্রে ডিজিটাল সাইনের রয়েছে বিশেষ গুরুত্ব। এ ছাড়া বিভিন্ন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট এবং দলিলাদি ডিজিটাল সাইন দ্বারা স্বাক্ষরিত হলে নকল বা জাল করা অসম্ভব। কারণ, ডিজিটাল সাইন দ্বারা ইলেকট্রনিক স্বাক্ষর সংযুক্ত হলে ইলেকট্রনিক রেকর্ড সত্যায়িত হয়, যা মুছে ফেলা অসম্ভব।—আবদুর রাজ্জাক সরকার